ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোর্তোর রাদামেল ফ্যালকাওকে দলবদলের জন্য রাজি করিয়েছে আতলেটিকো মাদ্রিদ। স্পেনের দৈনিক এএস এই খবর জানিয়েছে।
সার্জিও অ্যাগুয়েরোর বিদায়ে আতলেটিকোর ঘর 'প্লে-মেকার' শূন্য হয়ে পড়েছে। তার শূন্যস্থান পূরণেই স্পেনের দলটি কলম্বিয়ার ফ্যালকাওয়ের দিকে হাত বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে ৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সার্জিও অ্যাগুয়েরোকে কিনে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।
এএসের মতে, ফ্যালকাও এরই মধ্যে আতলেটিকোর সঙ্গে চুক্তির ব্যক্তিগত দিকগুলোর আলাপ সেরে ফেলেছেন। কিন্তু তার ক্লাব পোর্তোকে এখনো রাজি করাতে পারেনি স্পেনের দলটি।
পোর্তোর সঙ্গে চুক্তি অনুযায়ী, ফ্যালকাওকে কিনতে চাইলে ৪৫ মিলিয়ন ইউরো গুনতে হবে। আতলেটিকো বলছে, তারা ২৫ মিলিয়ন ইউরো দিতে রাজি আছে, সঙ্গে এদোয়ার্দো সালভিওকেও ছেড়ে দেবে তারা।
২০১১ কোপা আমেরিকায় দুর্দান্ত 'পারফরমেন্স' দিয়ে দলবদলের বাজার গরম করে তুলেছিলেন ফ্যালকাও। পোর্তোর হয়ে গত দুই মৌসুমে ৮৬ ম্যাচে ৭২ গোল সবাইকে বাধ্য করেছিল তার দিকে নজর ফেরাতে।
২০০৯ সালে রিভার প্লেট থেকে মাত্র ৩.৯ মিলিয়ন ইউরোতে পোর্তোতে যোগ দেন কলম্বিয়ার এ খেলোয়াড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৬৪২ ঘ.
bdnews24