২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাই বিশ্বসেরা: নেইমার

ব্রাজিল ও স্যান্তোসের আক্রমণভাগের খেলোয়াড় নেইমার বার্সেলোনাকে বিশ্বের সেরা দল বলে অভিহিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিল ও স্যান্তোসের আক্রমণভাগের খেলোয়াড় নেইমার বার্সেলোনাকে বিশ্বের সেরা দল বলে অভিহিত করেছেন। চলতি বছরের শেষের দিকে নেইমারের স্যান্তোস ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালের বার্সেলোনার মুখোমুখি হবে। সেই ম্যাচে খেলার জন্য মুখিয়ে আছেন বলেও জানান নেইমার। ফিফা ডটকমকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, "বার্সেলোনা বিশ্বের সেরা দল এবং বিশ্বের সেরা খেলোয়াড়টি তাদের হয়ে মাঠে নামেন। তবে তাদের মুখোমুখি হওয়ার সময় আমাদের সেরাটাই বের হয়ে আসবে বলে আশা করছি।" বার্সেলোনা 'বধে' নিজেদের সেরা ফুটবলের প্রদর্শনী ছাড়াও স্রষ্টার কাছে প্রার্থনা করতে হবে। তবেই উড়ন্ত বার্সাকে মাটিতে নামিয়ে আনা সম্ভব হবে বলে বিশ্বাস নেইমারের, "বার্সেলোনাকে হারাতে হলে আমাদের 'পায়ে পায়ে' খেলতে হবে। তাদের হারানো কষ্টসাধ্য কাজ। কোনো কৌশলই তাদের বিপক্ষে কাজে লাগার কথা নয়। আমাদের প্রার্থনা করতে হবে, স্রষ্টার সাহায্য চাইতে হবে এবং নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে।" নেইমারকে কেনার বিষয়ে বেশ কিছুদিন ধরেই স্যান্তোসের সঙ্গে কথাবার্তা বলছে স্পেনের আরেক 'জায়ান্ট' রিয়াল মাদ্রিদ। তবে ক্লাব ওয়ার্ল্ড কাপ পর্যন্ত নেইমারকে ধরে রাখতে চাইছে স্যান্তাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৬০১ ঘ.