ঢাকা, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সহিংসতার কারণে কার্লিং কাপের দুটি খেলা পিছিয়ে দেয়ার পরামর্শ দিয়েছে লন্ডন পুলিশ। এর ফলে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার বুধবারের প্রীতি ম্যাচটি নিয়ে সংশয় দেখা দিয়েছে।
শনিবার উত্তর লন্ডনের টটেনহ্যামে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার পরে দাঙ্গার সূত্রপাত হয়।
মঙ্গলবার কার্লিং কাপে আন্ডারশট টাউন ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হওয়ার কথা ছিল। আন্ডারশট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ম্যাচটি পিছিয়ে দেয়। নিজেদের ওয়েবসাইটে এ বিষয়ে তারা বিবৃতিও প্রদান করে।
অন্যদিকে, চার্লটন ও রিডিংয়ের মধ্যকার কার্লিং কাপের অপর ম্যাচটিও পুলিশেল পরামর্শ অনুযায়ী পিছিয়ে নেয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, ক্রিস্টাল প্যালেস ও ক্রলে টাউনের ম্যাচটিও পিছিয়ে নেয়া হতে পারে।
তবে কার্লিং কাপের খেলাগুলোকে ছাপিয়ে আলোচনার টেবিলে চলে এসেছে ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ। তবে লন্ডন পুলিশ এখনো 'খেলাটি হবে কি হবে না' এ বিষয়ে মুখ খোলেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১৫২০ ঘ.
bdnews24