ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্রাম শেষে বার্সেলোনার অনুশীলন শিবিরে সোমবার যোগ দিয়েছেন লিওনেল মেসি।
সামনের রোববার স্পেনের সুপার কাপের ফাইনালের প্রথম খেলায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। সেই 'এল-ক্লাসিকো'কে সামনে রেখে মেসি অনুশীলনে ফেরেন বলে জানায় স্পেনের পত্রিকা মার্কা। বার্সার নতুন খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজও যোগ দিয়েছেন অনুশীলন শিবিরে।
কোপা আমেরিকা শেষ হওয়ার পরপর ডেকে না পাঠিয়ে মেসি ও সানচেজ, দু'জনকেই বিশ্রামে পাঠায় বার্সা কর্তৃপক্ষ। ছুটিতে থাকলেও মেসি ঠিকই তার ব্যক্তিগত প্রশিক্ষক জুয়ানজো ব্রাউ'র তত্ত্বাবধানে 'ফিটনেস' নিয়ে টুকটাক কাজ করেন।
ছুটি শেষে অনুশীলনে ফিরেছেন হ্যাভিয়ের মাসচেরানোও।
অগাস্টের ১৪ তারিখ বার্সা খেলতে যাবে রিয়ালের মাঠে। তিন দিন পর নু-ক্যাম্পে বার্সা অভ্যর্থনা জানাবে রিয়ালকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮১৮ ঘ.
bdnews24