২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার দিয়ে মৌসুম শুরু বায়ার্নের

নতুন মৌসুমের প্রথম খেলাতেই হারের তিক্ত স্বাদ নিতো হলো বায়ার্ন মিউনিখকে। বোরুশিয়া মনচেনগ্ল্যাটবক্সের কাছে সোমবার ১-০ গোলে হেরেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন মৌসুমের প্রথম খেলাতেই হারের তিক্ত স্বাদ নিতো হলো বায়ার্ন মিউনিখকে। বোরুশিয়া মনচেনগ্ল্যাটবক্সের কাছে সোমবার ১-০ গোলে হেরেছে তারা। গত মৌসুম থেকে হোঁচট খাওয়া শুরু বায়ার্নের। সেই বাজে 'ফর্ম'টাই যেন এ মৌসুমে টেনে আনলো তারা। গত বছর শুধু চ্যাম্পিয়ন্স লিগে তাদের খেলা দেখে মনে হয়েছে জার্মানির ঐতিহ্যবাহী কোনো দল খেলছে। লিগে তো বায়ার্নের অবস্থা ছিল বলতে গেলে খারাপই। বেশ পেছনে পড়ে শেষ কয়েকটি ম্যাচ ভালো খেলে শেষ পর্যন্ত তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে দলটি। এবার তাই ঢেলে সাজানো হয় দলকে। এসেছেন নতুন কোচ জুপ হেইনকেস। টাকার বস্তা দিয়ে কেনা হয় বেশ কয়েকজন খেলোয়াড়। লাভ তো হয়নি, উল্টো নতুন কেনা দুই খেলোয়াড়ের ভুলেই খেলার ৬২ মিনিটে গোল খায় বায়ার্ন। রোয়েল ব্রাউয়ার্সের ঠেলে দেয়া বল ধরতে ছুটে যান ইগোর দে কামারগো। ৩৬ মিলিয়ন পাউন্ডে শালকে ০৪ থেকে কেনা গোলরক্ষক ম্যানুয়েল নিউয়ার চাইলেই বলের কাছে পৌঁছে যেতে পারতেন। ভাবলেন, জেরোম বোয়েটাং হয়তো পৌঁছে যাবেন। ম্যানচেস্টার সিটি থেকে আসে বোয়েটাংও নিউয়ারের উপর ভরসা রেখেছিলেন। শেষ পর্যন্ত কেউই এগিয়ে না যাওয়ায় বল পেয়ে যান কামারগো। গোলরক্ষককে পরাস্ত করার কাজটা করতে তাকে খুব একটা বেগ পেতে হয়নি। ৭৭ মিনিটে ২০১০ সালের বিশ্বকাপের 'চমক' টমাস মুলারের কল্যাণে গোল শোধ করে বায়ার্ন। রেফারি অফসাইড দেখিয়ে গোল বাতিল করলেও টেলিভিশন চিত্র বলছে, মুলার অফসাইডে ছিলেন না। গতবছর প্লে-অফ খেলে অবনমন ঠেকানো মনচেনগ্ল্যাটবক্সের কাছে বায়ার্নের হার তাই অঘটনই বটে। ফুটবল ইতিহাসে এ দলটির কাছে দ্বিতীয়বারের মতো হারলো বায়ার্ন। গত বছরের রানার্সআপ বায়ার লেভারকুসেনও নিজের মাঠে মেইনজের কাছে ২-০ গোলে হেরে নতুন মৌসুমে যাত্রা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭২০ ঘ.