ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই গোলে পিছিয়ে পড়েও ম্যানচেষ্টার সিটিকে তিন গোল দিয়ে কমিউনিটি শিল্ড কাপ নিজেদের শোকেস'র শোভা বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ওয়েম্বলি স্টেডিয়ামে সোমবারের ফাইনাল প্রকৃত অর্থেই ম্যানচেস্টার 'ডার্বি'র চিত্র তুলে ধরে। পরতে পরতে উত্তেজনায় ভরা খেলার প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে ম্যান ইউ। দ্বিতীয়ার্ধে ন্যানির দুই ও ক্রিস স্মোলিংয়ের এক গোলে শেষ অবধি জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যালেক্স ফার্গুসনের দল।
খেলা শেষে খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন ফার্গুসন। স্কাই স্পোর্টসে তিনি বলেন, "আমার বিশ্বাসই হচ্ছিল না প্রথমার্ধে আমরা দুই গোলে পিছিয়ে ছিলাম। কিন্তু গোলের দেখা পাওয়ায় খেলার পট পরিবর্তন হয়ে যায়। খেলোয়াড়রা মাথা ঠান্ডা রেখেছেন, ভালো খেলেছেন এবং সেই ফলটাই এনেছেন যা তাদের প্রাপ্য।"
আর ম্যাচসেরা ন্যানি বলেন 'বিশ্বাস'ই ছিল খেলায় জয়ের একমাত্র মূলমন্ত্র। তিনি বলেন, "শেষ মিনিট পর্যন্ত লড়াই করলে যে জিততে পারবো, সে ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ ছিল না। ম্যান সিটিকে এভাবে হারানো সত্যিই অসাধারণ।"
ঠিকই বলেছেন ন্যানি। তার কাছেই তো হেরেছে ম্যান সিটি! ২-২ গোলে খেলা যখন সমতায় তখন মনে হচ্ছিল ম্যাচ টাইব্রেকারে গড়াবে। আর তখনই নানির গোল। অতিরিক্ত সময়ের এই গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের হারানোর অনুভূতি একটু অন্য রকমই হওয়ার কথা।
প্রকৃত অর্থে জয়টা এসেছে ফার্গুসনের কৌশলে। অঢেল টাকা ঢেলে সাজানো ম্যান সিটির সামনে প্রথমার্ধে পাত্তাই পায়নি তার দল। জোলেয়ন লেসকট ও ইডিন জেকোর গোলে এগিয়ে যায় রবার্তো মানচিনির ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে একাদশে তিনটি পরিবর্তন আনেন ফার্গুসন। মাঠে নামান তিন তরুণ ফিল জোনস, জনি ইভান্স ও টম ক্লেভারলিকে।
এরপর তারুণ্যের জোয়ারে জয়গান গায় ম্যান ইউ। স্মোইলিংয়ের বুদ্ধিদীপ্ত গোল দিয়ে খেলায় ফেরা শুরু। এরপর ৫৮ মিনিটে ওয়েন রুনি ও ক্লেভারলি বল আদান প্রদান করে গোলের রাস্তা 'বানিয়ে' দেন ন্যানিকে। পর্তুগালের এই খেলোয়াড়ের আলতো টোঁকায় ম্যাচে সমতা আনে রেড ডেভিলসরা।
আর শেষ মিনিটে সিটির রক্ষণস্তম্ভ ভিনসেন্ট কম্পানির 'বল সরাবো কি সরাবো না' মানসিকতা ন্যানির জন্য দ্বিতীয় ও ম্যান ইউয়ের জন্য জয়সূচক গোলের পথ খুলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৫৪৪ ঘ.
bdnews24