ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাতার জাতীয় ফুটবল দলের সার্বিয়ার কোচ মিলোভান রায়েভাচকে বরখাস্ত করা হয়েছে। মাত্র চার মাস দায়িত্ব পালন করেন তিনি।
রায়েভাচের জায়গায় এসেছেন ব্রাজিলের সেবাস্তিয়াও লাজারোনি। ইরাকের বিপক্ষে বুধবারের প্রীতি খেলায় কোচ হিসেবে মাঠে দেখা যাবে তাকে।
অপ্রত্যাশিত এই ঘোষণা দেয়া হয় রোববার দিনের শেষভাগে। অবশ্য বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি খেলায় ভিয়েতনামের কাছে হার মানতে হয়েছিল রায়েভাচের দলকে। যদিও দুই খেলা মিলে মোট ৪-২ ব্যবধানে জেতে কাতার।
এর আগে এ বছরই দু'বার কোচ বদল করে উপসাগরীয় দেশটি। ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ হওয়ার পর থেকে দেশের ফুটবলের উন্নয়ন ঘটানোর ব্যাপারে প্রচণ্ড চাপে আছে কাতার।
রায়েভাচের জায়গায় বসার আগে লাজারোনি কাতার এসসি'র কোচ ছিলেন। ২০০৯ সালে দেশটির বর্ষসেরা কোচ হন তিনি।
৫৪ বছর বয়সী রায়েভাচের চুক্তি ছিল ২০১৪ সালের বিশ্বকাপ পর্যন্ত। এর আগে ২০১০ সাল পর্যন্ত ঘানার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
রায়েভাচকে বরখাস্ত করা নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু কাতার ফুটবল এসোসিয়েশনের এক বিবৃতিতে আভাস দেয়া হয় যে, ভিয়েতনামের সঙ্গে হারাই তার কপাল পুড়িয়েছে।
তবে এসোসিয়েশনের সভাপতি শেখ হামাদ বিন খালিফা আল থানি এক বিবৃতিতে বলেন, "আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার সময় হয়েছে বলে মনে করছি।" উভয় পক্ষের সম্মতিতে মাঝপথে চুক্তির সমাপ্তি টানতে হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
১৯৯০ সালের বিশ্বকাপে লাজারোনি ছিলেন ব্রাজিলের কোচ। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে হেরে দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিতে হয় তার দলকে। তিনি চীন, জাপান ও ক্যারিবিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/টিএ/১৪৫০ ঘ.
bdnews24