ঢাকা, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেলজিয়ামের আক্রমণভাগের তরুণ খেলোয়াড় রোমেলু লুকাকুকে অ্যান্ডারলেখট থেকে দলে ভিড়িয়েছে চেলসি।
ডাক্তারি পরীক্ষা ও কিছু কাগজপত্র সই করলেই চেলসির সম্পত্তিতে পরিণত হবেন ১৮ বছর বয়সী লুকাকু।
চেলসির নতুন কোচ আন্দ্রে ভিলাস বোয়াস গত মাসে বলেছিলেন, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ উদ্ধারের জন্য দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় টানতে চান তিনি। তারই পরিপ্রেক্ষিতে চেলসিতে লুকাকুর আগমন।
লুকাকুর দল ত্যাগের বিষয়টি অ্যান্ডারলেখটের ওয়েবসাইটে জানানো হয়। তবে অর্থ-কড়ির বিষয়টি চেপে গেছে দলটি।
১৩ বছর বয়সে অ্যান্ডারলেখটে যোগ দিয়েছিলেন লুকাকু। মাত্র ১৬ বছর বয়সে ১৫ গোল করে ২০০৯-১০ মৌসুমে ঘরোয়া ফুটবলে শীর্ষ গোলদাতা হয়ে হই চই ফেলে দেন তিনি। তাকে হারানোতে তাই হতাশা ঝরেছে দলটির ম্যানেজার হারম্যান ফন হোলসবেকের কন্ঠে, "লুকাকুকে ছেড়ে দেয়া মোটেও ঠিক হয়নি, বিষয়টি আসলেও দুঃখজনক। অ্যান্ডারলেখটেই সে ফুটবলার হিসেবে বেড়ে উঠেছে। তবে এই দলবদলে লুকাকু এবং অ্যান্ডারলেখট দু'পক্ষই লাভবান হয়েছে।"
অপরদিকে চেলসি কোচ ভিলাস বলেন, "লুকাকু নিঃসন্দেহে তরুণ প্রতিভা। এই ধরনের প্রতিভাকে দলে নেয়ার মতো যোগ্যতা ও ক্ষমতা চেলসির আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭০৩ ঘ.
bdnews24