ঢাকা, অগাস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্র সফরে শেষ প্রস্তুতি খেলায় ক্লাব আমেরিকাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। সেই ধরা দিল 'অধরা' জয়।
আগের দুই খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ও চিভাস দ্য গুয়াওদালাজরার কাছে হারার পর এই জয় বার্সা শিবিরে যেন স্বস্তি ফিরিয়ে আনলো।
"আগের চিভাসের বিপক্ষে ম্যাচের মতো এই খেলাতেও আমরা প্রায় একই কৌশলে খেলেছি। কিন্তু যেহেতু হেরেছিলাম, তাই কিছুটা শঙ্কা ভর করেছিল। আর এখন জিতেছি বলে ভালো লাগছে," খেলা শেষে বলেন বার্সা কোচ পেপ গার্দিওলা।
দলের সেরা কিছু খেলোয়াড় বাদ দিয়ে যুক্তরাষ্ট্র সফর করলো স্পেনের দলটি। দলের সেরা তারকা লিওনেল মেসি কোপা আমেরিকার পর থেকে বিশ্রামে আছেন।
তবে শনিবারের খেলায় মূল একাদশে ছিলেন জাভি। ২৪ মিনিটে তার রক্ষণচেরা 'পাস' এগিয়ে নেয় বার্সাকে। ক্লাব আমেরিকার রক্ষণভাগে আগে থেকেই দাঁড়িয়ে থাকা ডেভিড ভিয়া বলের শুধু দিক পরিবর্তন করে দেন গোলপোস্টের দিকে।
প্রতিপক্ষকে বলতে গেলে দাঁড়াতেই দেয়নি বার্সা। গোলসংখ্যা অবশ্য তা বলছে না। বলের দখল রেখে গোলের জন্য হাতড়ে মরেছে পেপ গার্দিওলার দল। শেষ দিকে দু-তিনটি আক্রমণের মাধ্যমে বার্সার রক্ষণভাগে হামলা চালায় ক্লাব আমেরিকা। কিন্তু গোল মেলেনি। উল্টো শেষ মিনিটে আরেকটি গোল হজম করায় তাদের অঘটন ঘটানোর স্বপ্নের করুণ সমাপ্তি ঘটেছে।
কার্লোস কারমোনোর বাড়িয়ে দেয়া বল জেরার্ডের পা ঘুরে পল অ্যাগুইলারের কাছে যায়। অরক্ষিত সেইদু কেইতাকে বলটি ঠেলে দেন অ্যাগুইলার। শুধু গোলরক্ষকে পরাস্ত করার কষ্ট করতে হয় কেইতাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬০৬ ঘ.
bdnews24