২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার টেবিলে ইন্টার ও ম্যান সিটি

কার্লোস তেভেজ, স্যামুয়েল ইতো ও মেইকনকে নিয়ে আলোচনার টেবিলে বসেছে ইউরোপের অন্যতম সেরা দুই দল ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2011, 03:59 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজ, স্যামুয়েল ইতো ও মেইকনকে নিয়ে আলোচনার টেবিলে বসেছে ইউরোপের অন্যতম সেরা দুই দল ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। দলবদলের শুরু থেকে কালোর্স তেভেজকে নিয়ে জলঘোলা চলছে। এই তেভেজ বলছেন ম্যান সিটি ছেড়ে স্বদেশ ফিরতে চান। আবার সিদ্ধান্ত পরিবর্তন করে বলছেন ব্রাজিলের করিয়ান্থেসে জায়গা পেলেও মন্দ হয় না। সেই করিয়ান্থেস যখন জানিয়ে দিল তেভেজকে নেবে না তারা, তখন আর্জেন্টিনার এ খেলোয়াড়ের দিকে হাত বাড়ালো ইন্টার মিলান। গত মৌসুমের শিরোপা খরা ঘোচাতে তেভেজকে দলে নেয়াটা প্রয়োজনীয় বলে ভাবছে ইতালির দলটি। তাই সুযোগ পেয়ে ম্যান সিটি তেভেজের দাম হেঁকেছে ৪৫ মিলিয়ন ইউরো। এদিকে, নতুন কোচ জিয়ান পেইরো গ্যাসপেরিনির হাতে অর্থ তুলে দিতে চান সভাপতি মাসিমো মোরাত্তি। সেই অর্থে দিয়ে মনের সুখে খেলোয়াড় কেনা-বেচা করে শিরোপা জয়ের জন্য যোগ্য দল গড়ে তোলার সুযোগ পাবেন গ্যাসপেরিনি। অর্থের যোগান দিতে তাই ইন্টার ব্রিক্রি করতে চায় স্যামুয়েল ইতোকে। ইন্টার মিলানে সাপ্তাহিক বেতনের দিক দিয়ে সবচেয়ে বেশি অর্থ ঢোকে ওই ইতোর পকেটেই। ইতো বিক্রি হলে টাকাও আসবে, খরচও কমবে। কিন্তু কে কিনবে ইতোকে? খরিদ্দার সেই ম্যান সিটি। ইন্টারও কম যায় না। ইতোর জন্য মূল্য হাঁকিয়েছে ৪০ মিলিয়ন ইউরো। এই বিষয় নিয়ে এখন আলোচনার টেবিলে বসছে দুই পক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গোল ডটকমকে তাই বলেছেন, "ইন্টার তেভেজকে চায়। তবে অবশ্যই ৪৫ মিলিয়ন ইউরো দিয়ে নয়। অর্থের সঙ্গে মেইকনকে দিয়ে তেভেজকে দলে ভেড়াতে চায় তারা। মেইকনের মূল্য ধরা হবে ১০ মিলিয়ন ইউরো। যদি তারা (ম্যান সিটি) এতে সম্মত হয়, তাহলে সিটির কাছে ৪০ মিলিয়ন ইউরোতে ইতোকে ছেড়ে দেবে ইন্টার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২১৯৪ ঘ.