ঢাকা, অগাস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোটি টাকা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক। আবাহনী কোচ অমলেশ সেনও ছেড়ে কথা বলতে নারাজ। খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারলে জয় এমনিতেই ধরা দেবে বলে তার বিশ্বাস।
গ্রামীণফোন সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে এই প্রত্যয় নিয়েই শনিবার ফাইনালে নামছে মোহামেডান ও আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে দুই দলের মধ্যকার এই জমজমাট লড়াই।
বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে খেলতে এসেছে মোহামেডান। আর আবাহনী টাইব্রেকারে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৫-৪ গোলে হারিয়ে পৌছেছে চূড়ান্ত লড়াইয়ের মঞ্চে।
মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক পুরানো কথা ভুলে যেতে চান। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "প্রতিপক্ষ হিসেবে আবাহনী অবশ্যই শক্তিশালী দল। কিন্তু তাদের হারানোর মতো সামর্থ্য আমাদের আছে। খেলোয়াড়দের প্রতিও আমার সে বিশ্বাস রয়েছে।"
"এ মৌসুমে আমরা একটিও ট্রফি জিততে পারিনি। সুপার কাপ জেতাটা তাই আমাদের জন্য খ্বুই জরুরি হয়ে পড়েছে। আমরা আশাবাদী খেলোয়াড়রা হতাশ করবেন না, " বলেন মোহামেডান কোচ।
কোচের সঙ্গে একমত মোহামেডান অধিনায়ক হাসান আল মামুনও। তিনি বলেন, "সমর্থকদের আশা পূরণ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আবাহনীকে হারিয়েই আমরা তার প্রমাণ দিতে চাই। আমার বিশ্বাস সে কাজটি আমরা ভালোভাবে করতে পারবো।"
আবাহনী কোচ অমলেশ সেন মোহামেডানকে শক্তিশালী দল হিসেবেই মানছেন। তারপরও তিনি মোহামেডানের বিপক্ষে জিততে আশাবাদী। তিনি বলেন, "সুপার কাপ জয়টা আমাদের জন্য একটা 'চ্যালেঞ্জ'। যে করেই হোক জিততে আমাদের হবেই।"
"অনেকদিন পর মোহামেডান ও আবাহনী ফাইনাল হচ্ছে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের খেলা দেখতে দর্শকরা উদগ্রীব। আমরা তাদের হতাশ করতে চাই না। তাদের সে প্রত্যাশা পূরণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, " বলেন আবাহনী কোচ।
আবাহনী অধিনায়ক প্রাণোতোষ কুমারও উজ্জীবিত দলের স্বপ্ন পূরণে। তিনি বলেন, "নব্বই মিনিটের খেলায় শ্রেষ্ঠত্ব প্রমাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সেমিফাইনালে জেতার পর প্রত্যেক খেলোয়াড়ের আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে। তাই প্রতিপক্ষ যে দলই হোক না কেন, তাদের হারাতে মোটেও বেগ পেতে হবে না আমাদের।"
এদিকে আবাহনীর মাঝমাঠের মূল ভরসা ঘানার খেলোয়াড় আইডু ইব্রাহিম। সেমিফাইনালে নিজেকের মেলে ধরতে পারেননি তিনি। তার সম্পর্কে কোচ অমলেশ বলেন, "ইব্রাহিম ভালো খেললে, পুরো দল উজ্জীবিত হয়। আর খারাপ খেললে দলে তার প্রভাব পড়ে। ফাইনালে সে নিজেকে ফিরে পাবে বলে আমার বিশ্বাস।"
আর মোহামেডান সেমিতে জিতেছিল আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় সানডের হ্যাট্রিকে। প্রতিপক্ষ যদি তাকে পরিকল্পিতভাবে আটকে ফেলে তাহলে কেমন হবে? মোহমেডান কোচ মানিক তা নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি বলেন, "আমার দলে এগারো জন খেলোয়াড় আছে। এক সানডের ওপর ভরসা করে তো আর খেলা যায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/২০৪৩ ঘ.
bdnews24