ঢাকা, অগাস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রীতি খেলায় বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে মেক্সিকোর ক্লাব চিভাস দ্য গুয়াওয়ালাজারা।
দক্ষিণ ফ্লোরিডার সান লাইফ স্টেডিয়ামে বুধবার রাতে বার্সেলোনা-শিভাস খেলায় উপস্থিত ছিলেন রেকর্ড ৭০,০৮০ দর্শক। তবে হেরে যাওয়ায় খুব একটা লজ্জা পাননি বার্সা কোচ পেপ গার্দিওলা। প্রস্তুতি খেলার মধ্য দিয়ে এই খেলার মধ্য দিয়ে দলকে এক সূতোয় গাঁথাই ছিল তার মূল লক্ষ্য। এছাড়া মেক্সিকোর দলটি ভালো খেলেই জিতেছে বলে তিনি স্বীকারও করেন।
তিনি বলেন, "চিভাসের খেলা আমাকে অবাক করেনি। মেক্সিকোর ফুটবল খুবই বৈচিত্র্যময় এবং চমকপ্রদ।"
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকলেও চিভাস দ্বিতীয়ার্ধে বার্সার জালে বল জড়িয়েছে চারবার। এর মধ্যে দৃষ্টিনন্দন দু'টো গোল করেন মার্কো ফ্যাবিয়ান। ইউরোপ চ্যাম্পিয়নদের বিপক্ষে এতো বড় জয় তার কাছে তাই স্বপ্ন সত্যি হওয়ার মতো। সরাসরি বলেই ফেলেন তিনি, "স্বপ্ন যেন সত্যি হলো। একটি নয়, বার্সার মতো সেরা দলের বিপক্ষে দু'টো গোলকে আর কিভাবে ব্যাখ্যা করবো? জীবন এগিয়ে যাবে। কিন্তু এ কথা সব সময় আমার মনে থাকবে।"
দিনের শুরু কিন্তু সব সময় বাকি দিনের পূর্বাভাস দেয় না। খেলার চার মিনিটে ডেভিড ভিয়ার গোলে মনে হচ্ছিল, চিরচেনা রূপে আবির্ভূত হতে যাচ্ছে বার্সেলোনা।
প্রথমার্ধে ভিয়ার আরেকটা শট ক্রসবারে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে খেলার রূপ একেবারেই পাল্টে যায়। দুরন্ত ফ্যাবিয়ান ৬০ মিনিটে ৩০ গজ দূর থেকে বার্সা গোলরক্ষক পিন্টোকে পরাস্ত করেন। ৩ মিনিট পর আবারো 'লাইম-লাইটে' ফ্যাবিয়ান। তার ভলিতে দ্বিতীয়বার পরাস্ত হলেন পিন্টো।
৭১ মিনিটে জিওভানি ক্যাসিয়াস শিভাসের পক্ষে তৃতীয় গোল করেন।
অতিরিক্ত সময়ের (৯০ ) তিন মিনিটে কর্নার রক্ষা করতে গিয়ে ব্যর্থ হন পিন্টো। বল চলে যায় লুইস ভারদুস্কোর পায়ে। আবারো বল জালে জড়িয়ে চার গোলের লজ্জা দেন তিনি বার্সাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০১১ ঘ.
bdnews24