২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নের এক ফাইনালের আশায় আছি: অমলেস সেন

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে সুপার কাপের ফাইনালকে 'স্বপ্নের' সঙ্গে তুলনা করলেন আবাহনী কোচ অমলেস সেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে সুপার কাপের ফাইনালকে 'স্বপ্নের' সঙ্গে তুলনা করলেন আবাহনী কোচ অমলেস সেন। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে বুধবার কোটির টাকার সুপার কাপের ফাইনালে পৌঁছে আবাহনী লিমিটেড। দুর্দান্ত এক সেমিফাইনাল দেখলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। দু'বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়ী দলটির নাম আবাহনী। খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে অনুভূতি প্রকাশকালে অমলেন সেন বলেন, "জেতার মতোই খেলেছি। আরো বড় ব্যবধানে জয় পেলে ভালো লাগতো। ইব্রাহিম (আইদু) দুটো সহজ সুযোগ নষ্ট করেছে। তারপরও জিতলাম। চোট নিয়েও রবিন কি দুর্দান্তই না খেললো। দুটো গোল করেছে ছেলেটা। স্বপ্নের ফাইনালের অপেক্ষায় আছি। যা আমাদের জন্য এক অর্থে প্রতিশোধেরও।" ফিরে আসলো ২০০৯ সুপার কাপের ফাইনালের কথা। সেই ফাইনালে মোহামেডানের কাছেই ১-০ গোলে হেরে কোটি টাকা আবাহনীর হাত ফস্কে গিয়েছিল। সেই ফাইনালকে স্মরণ করে অমলেস বলেন, "আমরা সে ম্যাচেও ভালো খেলেছিলাম। ভাগ্য ছিল না বলেই ১-০ গোলে হেরেছি।" ওদিকে, মুক্তিযোদ্ধার ভারপ্রাপ্ত কোচের মোস্তাফিজ বাবু অল্প কথায় আলাপ সারলেন। দুই মাসের নিষেধাঞ্জার খড়গে পড়া কোচ মারুফুল হকের জায়গায় মুক্তিযোদ্ধার দায়িত্বে এখন তিনি। বললেন, "তারা (আবাহনী) যোগ্য দল হিসেবে জিতেছে। 'ওভারঅল' আমার ছেলেরা খারাপ খেলেনি। কিন্তু দুই গোলে এগিয়ে থাকায় মনোযোগের ঘাটতি হয়েছিলো মনে হয়। তাই হারতে হলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০৯ ঘ.