ঢাকা, অগাস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের আক্রমণভাগে নতুন কোনো খেলোয়াড়ের প্রয়োজন নেই বলে মনে করছেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের 'তারকা' খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইএসপিএন'র খবর মতে এক সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, "দলের আক্রমণভাগের জন্য নতুন কোনো খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করার প্রয়োজন দেখছি না। বর্তমান দলটি নিয়েই আমাদের খুশি থাকা উচিত।"
আক্রমণভাগের ধার বাড়াতে রিয়াল এরই মধ্যে এসপ্যানিওলের হোসে ক্যালেজোনকে দলে টেনেছে। ফলে মাদ্রিদ ভিত্তিক দলটির মোট 'স্ট্রাইকারে'র সংখ্যা দাঁড়িয়েছে ৯! তাতেও অবশ্য সাধ মেটেনি রিয়াল কোচ হোসে মরিনহোর। কিছুদিন আগেই বলেছেন, আরও একজন 'স্ট্রাইকার'রের অভাববোধ করছেন।
অভাব পূরণে ব্রাজিলের ক্লাব সান্তোসের নেইমারের দিকে হাত বাড়িয়েছিল রিয়াল। 'নেইমার বিক্রির জন্য নয়' - স্যান্তোস প্রেসিডেন্ট লুইস আলভারো রিবেইরোর এমন ঘোষণার পর নেইমার চিন্তা ঝেড়ে ফেলেছে কিংস কাপ জয়ীরা।
৪৫ মিলিয়ন ইউরোর নেইমারের চেয়ে বরং ১৪ মিলিয়ন ইউরোর ইমানুয়েল আদেবায়োর শ্রেয়। তাই ম্যানচেস্টার সিটির আদেবায়োরের দিকেই চোখ এখন মরিনহোর। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের হয়ে 'ধারে' খেলা আদেবায়োর সে সময় ২২ ম্যাচে আট গোলও করেন।
মৌসুম শেষে আদেবায়োর ফিরে যান পুরানো ক্লাবে। তবে এইবার আর ধারে নয়, পুরোপুরি রিয়ালের সম্পত্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আদেবায়োর।
বর্তমানে আদেবায়োরের বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে রিয়াল।
আদেবায়োর হোক আর হালের 'সেনসেশন' নেইমার, যে কোনো একজন এলেই আক্রমণভাগের মোট খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াবে ১০! তাই বুঝি ওই 'পজিশন' এ আর কাউকে চাইছেন না রোনালদো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিএ/২০৫১ ঘ.
bdnews24