২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটি টাকার লড়াইয়ে মোহামেডানের প্রতিপক্ষ আবাহনী

কোটি টাকার গ্রামীণফোন সুপার কাপের ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গী হয়েছে আবাহনী লিমিটেড। দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৫-৪ গোলে হারায় দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 03:41 PM

ঢাকা, অগাস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোটি টাকার গ্রামীণফোন সুপার কাপের ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গী হয়েছে আবাহনী লিমিটেড। দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৫-৪ গোলে হারায় দলটি। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত ছিল ২-২ গোলে । ফলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। কিন্তু এই ৩০ মিনিটেও হার-জিত নির্ধারিত হয়নি। নিষ্পত্তির জন্য আশ্রয় নিতে হয় টাইব্রেকারের। টাইব্রেকারে বাজিমাত করে আবাহনী। পাঁচটি শটের পাঁচটিতেই গোল করে দলটি। একটিও রুখতে পারেননি বাংলাদেশ লিগের রানার্সআপ মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। আবাহনীর পাঁচ গোল দাতা হলেন থুয়াম ফ্রাঙ্ক, আবুল হোসেন, ক্লেটুস ব্ল্যামো, আলফাজ আহমেদ, শাখাওয়াত হোসেন রনি। মুক্তিযোদ্ধার পক্ষে আলমগীর রানা গোল করতে না পারায় সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় দলটিকে। ড্যামি ইমানুয়েল, নাসির উদ্দিন, রাজন মিয়া ও বুকোলা ওলালেকানের চারটি গোলই বিফলে যায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী কোটি টাকার লড়াইয়ে নামবে ৬ অগাস্ট, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এর আগে প্রথম আসরেও ফাইনালে খেলে মোহামেডান ও আবাহনী। সেবার শিরোপা জেতে মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ও আবাহনীর লড়াইয়ে শুরু থেকেই ছিল চরম উত্তেজনা। মুক্তিযোদ্ধা এগিয়ে যাচ্ছে তো, পাল্টা আক্রমণ থেকে গোল করে খেলার সমতা ফিরিয়ে আনছে আবাহনী। খেলার মাত্র ১২ মিনিটে আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় বুকোলা প্রথমবারের মতো এগিয়ে নেন মুক্তিযোদ্ধাকে। মাঝমাঠের খেলোয়াড় মতিউর মুন্নার বাড়ানো বল থেকে বুকোলার মাটি কামড়ানো শট আশ্রয় নেয় জালে। অবশ্য গোলটির জন্য দায়ী গোলরক্ষক সোহেল নিজেই। তিনি এগিয়ে না আসলে বিপদ নাও ঘটতে পারতো। মুক্তিযোদ্ধার নড়বড়ে রক্ষণভাগ অবশ্য এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। আট মিনিটের ব্যবধানে আবাহনীকে সমতায় ফেরান হেদায়েতুল্লাহ রবিন। ফ্রাঙ্কের বাড়ানো বলে শট নেন রবিন। বল জড়িয়ে যায় কাক্সিক্ষত ঠিকানায়। খেলার ৪৮ মিনিটে আবারো এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। বাঁ-প্রান্ত থেকে প্রতিপক্ষের বক্সে বল ফেলেন বুকোলা। চলতি বলের ওপর তীব্র শট নেন জাহেদ পারভেজ চৌধুরী। বল আশ্রয় নেয় আবাহনীর জালে। খেলার ৬৬ মিনিটে দ্বিতীয়বারের মতো সমতা ফেরায় আবাহনী, চোখ ঝলসানো একটি গোলের মধ্য দিয়ে। মাঝমাঠ থেকে বল ধরে রক্ষণভাগের দুই-তিনজন খেলোয়াড়কে কাটিয়ে রবিন ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। এরপর শট নেন তিনি সেকেন্ড বার লক্ষ্য করে। বল পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। দর্শকরা নিঃসন্দেহে অনেকদিন মনে রাখবেন গোলটির কথা। প্রথম সেমিফাইনালে মঙ্গলবার বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে মোহামেডান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৪৫ ঘ.