ঢাকা, অগাস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে জিতেই ফাইনালে খেলতে চান আবাহনী অধিনায়ক প্রাণোতোষ কুমার। তিনি শতভাগ আশাবাদী এ পথে কেউ তেমন একটা বাধা হতে পারবে না। আর মুক্তিযোদ্ধা অধিনায়ক রজনী কান্ত বর্মণও ছেড়ে কথা বলতে নারাজ। নিজেদের যোগ্যতা মেলে ধরতে পারলে জয় এমনিতেই আসবে তার বিশ্বাস।
গ্রামীণফোন সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে এ প্রত্যয় নিয়েই বুধবার দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতায় নামছে আবাহনী ও মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩ টায় শুরু হবে দুই দলের এই লড়াই।
গ্র"প পর্বে একটি গোল না করেও সেমিফাইনালে উঠেছে আবাহনী। শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করেই শেষ চারে ওঠে তারা।
আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রুপু অবশ্য পুরনো কথা ভুলে যেতে চান। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে (বাফুফে ভবনে) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা অবশ্যই শক্তিশালী। কিন্তু তাদের হারানোর মতো সামর্থ্য আমাদের দলের আছে।"
ম্যানেজারের সঙ্গে একমত অধিনায়ক প্রাণোতোষও। তিনি বলেন, "সমর্থকদের আশা পূরণ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মুক্তিযোদ্ধাকে হারিয়েই আমরা তার প্রমাণ দিতে চাই। আমার বিশ্বাস সে কাজটি আমরা ভালোভাবে করতে পারবো।"
বাংলাদেশ লিগের 'পারফরম্যান্স'র বিচারে মুক্তিযোদ্ধা এগিয়ে থাকলেও কোচ মারুফুল হককে নিয়ে গত কিছুদিনের সঙ্কট দলটিকে অনেকটাই 'ব্যাকফুট' এ ঠেলে দিয়েছে। পাতানো খেলা নিয়ে মন্তব্য করায় বাফুফে তাকে দুই মাসের জন্য নিষিদ্ধ করে।
অধিনায়ক রজনী কান্ত বর্মণও তা বিশ্বাস করেন। তিনি বলেন, "কোচ নেই, দলের মধ্যে তা কিছুটা প্রভাব ফেলবেই। তারপরও আমরা 'চ্যালেঞ্জ' হিসেবে নিচ্ছি এ ম্যাচটিকে। যে করেই হোক জিততে হবে।"
তবে ভারপ্রাপ্ত কোচ জাকারিয়া বুবু একমত নন অধিনায়কের সঙ্গে। তিনি বলেন, "এসব বিষয় দলের মধ্যে খুব একটা প্রভাব ফেলবে না। আমরা নিজেদের খেলাটা ঠিকভাবে খেলতে পারলেই জয় আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/২১০৫ ঘ.
bdnews24