ঢাকা, অগাস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্টার মিলানকে ৩-০ গোলে হারিয়ে ডাবলিন সুপার কাপের শিরোপা জিতেছে ম্যানচেষ্টার সিটি।
রোববারের ফাইনালে ম্যান সিটির পক্ষে মারিও বালোতেল্লি, এডিন জেকো ও অ্যাডাম জনসন গোল তিনটি করেন।
দুইটি কারণে ম্যান সিটি - ইন্টার মিলানের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। সিটি কোচ রবার্তো মানচিনি একসময় ইন্টারের কোচের দায়িত্ব পালন করেছেন। আর সিটির নতুন 'সেনসেশন' সার্জিও অ্যাগুয়েরো 'ডাগআউট' বসে দেখছিলেন নতুন সতীর্থরা কি করেন।
ইন্টারের ফাঁক-ফোকর ভালোই জানা আছে মানচিনির। সেই জ্ঞানকে কাজে লাগিয়ে সাবেক ক্লাবের জালে তিনটি গোল করালেন ছেলেদের দিয়ে।
প্রথম গোলটি করেন মারিও বালোতেল্লি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তার 'হেড' এগিয়ে নেয় ম্যান সিটিকে।
উজ্জীবিত ম্যান সিটির দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের দেখা পায়। এবারের গোলদাতা জেকো। সিলভার ঠেলে দেয়া বলে 'প্লেসিং' শটে ইন্টার গোলরক্ষক জুলিয়াস সিজারকে পরাস্ত করেন তিনি।
দুই গোলে খেয়ে এক অর্থে ম্যাচ ওখানেই হেরে বসে সেরি আর দলটি। তাই কিছুটা চাপিয়ে খেলতে শুরু করে ইন্টার। তবে আক্রমণগুলো ম্যান সিটির শক্ত রক্ষণে গিয়ে খেঁই হারিয়ে ফেলছিল।
খেলার অন্তিম সময়ে বদলি খেলোয়াড় জন-রাইট-ফিলিপস ও অ্যাডাম জনসন বল আদান-প্রদানের মাধ্যমে তৃতীয় গোল এনে দেন রবার্তো মানচিনিকে। জনসনের শট ঠেকানোর সাধ্য ছিল না সিজারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২২১৪ ঘ.
bdnews24