ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তুতি দেখতে ঢাকায় আসছে একটি অগ্রবর্তী প্রতিনিধি দল।
স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হেলাল রোববার সাংবাদিকদের জানান, "১৫ ও ১৬ অগাস্ট ঢাকায় আসবেন দুই দেশের প্রতিনিধি দল।"
মূলত ম্যাচটি আয়োজনের প্রস্তুতি, খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা, হোটেল সুবিধা ও স্টেডিয়াম পর্যবেক্ষন করতেই ঢাকায় আসবেন তারা। তবে প্রতিনিধি দলটি কয় সদস্যের হবে, আর তারা কয়দিন ঢাকায় অবস্থান করবেন তা জানাতে পারেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এ কর্মকর্তা।
এদিকে মেসি ঢাকায় আসছেন বলে নিশ্চিত করেছেন হেলাল। তিনি বলেন, "মেসির ঢাকায় আসা নিয়ে কোন সন্দেহ নেই। সে ভাবেই তাদের সঙ্গে চুক্তি হয়েছে আমাদের।"
৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার প্রদর্শনী ম্যাচ। দুইটি দল ঢাকায় আসবে ৩ সেপ্টেম্বর। তার আগে ২ সেপ্টেম্বর আর্জেন্টিনা কলকাতায় ভেনিজুয়েলার বিপক্ষে একটি ম্যাচ খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিএ/১৯১০ ঘ.
bdnews24