ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মারিয়া শারাপোভাকে হারিয়ে ব্যাংক অফ ওয়েস্ট ক্ল্যাসিকের সেমিফাইনালে উঠে গেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।
মেয়েদের টেনিসের সাবেক শীর্ষ তারকা সেরেনা ৬-১ ও ৬-৩ গোমে রীতিমত উড়িয়ে দেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই শারাপোভাকে।
এই নিয়ে টানা ছয়বার শারাপোভাকে হারালেন সেরেনা। এখন পর্যন্ত নয় বার মুখোমুখি হয়েছেন তারা। জয়ের পাল্লা সেরেনার দিকে অনেক ভারী। তিনি জিতেছেন সাত বার।
২০১০ সালে উইম্বলডন জেতার পর এবার নিয়ে তৃতীয়বারের মতো কোনো প্রতিযোগিতায় খেলছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। আর ২০০৯ সালের ইউএস ওপেন শিরোপা জয়ের পর এই প্রথম খেলছেন যুক্তরাষ্ট্রের মাটিতে।
অসুস্থতার কারণে এতদিন কোর্টের বাইরে ছিলেন তিনি।
শীর্ষ খেলোয়াড় হিসেবে সেরেনা উইম্বলডন শিরোপা জিতেছিলেন। কিন্তু বর্তমানে র্যাঙ্কিংয়ে তার অবস্থান ১৬৯।
খেলা শেষে সেরেনা বলেন, "আমি শুরুটা ভালো করেছি। মানসিক স্থিরতা ছাড়া আপনি র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর খেলোয়াড়ের মুখোমুখি হতে পারবেন না। আপনাকে অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। হার্ডকোর্টের মৌসুমে এটা সত্যি দারুণ একটি জয়।"
"গত মাসের তুলনায় এই মাসে আমার খেলায় অনেক উন্নতি হয়েছে। আমি প্রচুর পরিশ্রম করছি। আশাকরি তার সুফল এভাবেই আসবে", যোগ করেন সেরেনা।
এদিকে ম্যাচ হেরে হতাশ রুশ তারকা শারাপোভা। হারের জন্য নিজের ধীরগতির খেলাকে দায়ী করেন তিনি। বলেন, "হয়তো এটা আমার রাত ছিলো না। তার সার্ভিং ও হিটিংয়ের জবাব আমি সময় মত দিতে পারছিলাম না। আমার গতি ছিলো খুবই মন্থর। এটাকে খারাপ দিন ভাবার পাশাপাশি আমাকে এটাও মনে রাখতে হবে যে আমার আরো উন্নতি প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮২৯ ঘ.
bdnews24