ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেরার্দো মার্তিনো ও কালোর্স বিয়াঞ্চিকে পেছনে ফেলে শেষ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হলেন এস্তুদিয়ান্তেসের সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সাধারণ সম্পাদক হোসে লুই মেইসনার বৃহস্পতিবার নতুন কোচের নাম ঘোষণা করেন। তিনি বলেন, "সাবেলাকেই আমরা বেছে নিয়েছি।"
কোপা আমেরিকায় দল ব্যর্থ হওয়ায় তার খেসারত দিতে হয় সার্জিও বাতিস্তাকে। বিদায় নিতে হয় তাকেসোমবার।
কোচের পদের জন্য সাবেলার সঙ্গে দৌড়ে সামিল হয়েছিলেন প্যারাগুয়ের কোচ জেরার্দো মার্তিনো ও আতলেটিকো মাদ্রিদের সাবেক কোচ কালোর্স বিয়াঞ্চি।
বাকি দু'জনকে ছাপিয়ে প্রচার মাধ্যমে সাবেলার নামই আসছিল ঘুরে-ফিরে। বুধবার সংযুক্ত আরব আমিরাতের দল আল জাজিরায় কোচ হিসেবে যোগ দেয়ার কথা ছিল সাবেলার। কিন্তু আমিরাত যাওয়ার বিমানে চড়েননি তিনি। আল জারিরা ম্যানেজার আয়েদ মাবখত তখন বলেছিলেন, "আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারছি না। তবে মনে হচ্ছে না তিনি (সাবেলা) আসবেন।"
সে সময় বিভিন্ন প্রচার মাধ্যমেও বলাবলি করা হচ্ছিল, এএফএ থেকে যোগাযোগ করা হয়েছে বলেই সাবেলা আমিরাত যাওয়ার চিন্তা বাদ দেন। শেষ পর্যন্ত তাই সত্যি হলো।
সাবেলার প্রশিক্ষণে ২০০৯ সালে দক্ষিণ আমেরিকা ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা 'কোপা লিবারতাদোরেস' জেতে এস্তুদিয়ান্তেস।
৫৬ বছর বয়সী সাবেলার দায়িত্ব এখন ২০১৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দল গড়ে তোলা।
শেষবারের মতো বড় কোনো প্রতিযোগিতার (কোপা আমেরিকা) শিরোপা জেতে দিয়েগো মারাদোনার দেশ, ১৯৯৩ সালে। এরপর কোচ বদল হয়েছে সাতবার। কিন্তু সাফল্য ধরা দেয় একবার, ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের সোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/টিআর/১৪২৩ ঘ.
bdnews24