ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১৪৭তম স্থানে। যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) ২৭ জুলাই প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সেরা দল। পয়েন্ট ১৪৮।
এর আগের র্যাঙ্কিংয়ে (২৯ জুন ২০১১ তে প্রকাশিত) বাংলাদেশ ছিল ১৬৩তম স্থানে। পয়েন্ট ছিল ৮১।
বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলে এশিয়া অঞ্চলের প্রথম পর্বের খেলায় নিজেদের মাটিতে পাকিস্তানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। ড্র করে লাহোরে ফিরতি খেলায়।
লেবাননের সঙ্গে দ্বিতীয় পর্বের প্রথম খেলায় বৈরুতে ৪-০ গোলে না হারলে র্যাঙ্কিংয়ে হয়তো আরো উপরে উঠে আসতো বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিরতি খেলায় মাঠে নামবে দল দু'টি।
র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে লেবানন। ১১৯ পয়েন্ট নিয়ে আছে ১৫৯তম স্থানে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ১৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেপাল (১৩৬তম)। ১৩৫ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয় (১৫৩তম) ও পাকিস্তান আছে চতুর্থ স্থানে (১৭১তম)। দেশটির পয়েন্ট ৯১।
এবারো প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছে যথাক্রমে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন (১৫৮৮ পয়েন্ট) ও নেদারল্যান্ডস (১৫৪২ পয়েন্ট)। ১৩০৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে জার্মানি।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও একধাপ এগিয়েছে ব্রাজিল। ইংল্যান্ডকে হটিয়ে ১২০২ পয়েন্ট নিয়ে দেশটি আছে চতুর্থ স্থানে।
কোপা চ্যাম্পিয়ন উরুগুয়ে ১১৫৬ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে। ১৯৯২ সালের ডিসেম্বরে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর এতটা উপড়ে দেশটি আর কখনোই ওঠেনি।
ইংল্যান্ড নেমে গেছে ষষ্ঠ স্থানে। পয়েন্ট ১১৪৬। আর ১০১৩ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে দশ নম্বরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/টিআর/১৬৫২ ঘ.
bdnews24