ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লেবাননের বিপক্ষে খেলার আগে বাংলাদেশ দলের পাঁচ খেলোয়াড়ের উদ্যম ও স্পৃহা নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ নিকোলা ইলিয়েভস্কি। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, তার প্রথম একাদশে অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য থাকছেন না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে উদ্যম নিয়ে প্রশ্ন তুললেও খেলোয়াড়দের নাম তিনি প্রকাশ করেননি। তিনি বলেন, "তারা এতটাই দুর্বল চিত্তের যে তাদের নিয়ে বড় কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।"
"আমি তাদের এভাবে বুঝিয়ে ছিলাম যে, ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দল নয় লেবানন। তাদের রুখে দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামলে ফল আপনাদের পক্ষেই আসবে। কিন্তু আমি তাদের অনুপ্রাণিত করতে পারিনি," বলেন তিনি।
এরপর কোচ অভিযোগ করেন, "তাদের উদ্যমে ঘাটতি রয়েছে।"
গোলকিপিং ছাড়া তার দলের সব বিভাগেই সমস্যা রয়েছে বলে স্বীকার করে নিকোলা ভস্কি বলেন, বিশেষ করে, মাঝমাঠ ও আক্রমণভাগ অনেক বেশি অগোছালো।
প্রথম একাদশে বিপ্লব থাকছেন কি না? এই প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন, "না। তার জায়গায় তৃতীয় গোলরক্ষক মামুন খান খেলবেন। আমার কাছে তাকেই সবচেয়ে ভালো গোলরক্ষক বলে মনে হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২১২ ঘ.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ
bdnews24