ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লেবাননের বিপক্ষে ভালো ফুটবল উপহার দিতে চান বাংলাদেশ কোচ নিকোলা ইলিয়েভস্কি। তবে খুব একটা আশাবাদী নন তিনি। আর লেবানন কোচ এমিলি রুস্তম বলেছেন, নিজেদের যোগ্যতা মেলে ধরতে পারলে জয় এমনিতেই ধরা দেবে।
বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের ফিরতি খেলায় বৃহষ্পতিবার মাঠে নামছে বাংলাদেশ ও লেবানন। খেলা শুরু হবে সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
লেবানন নিজেদের মাটিতে প্রথম খেলায় বড় ব্যবধানে (৪-০) জিতে এক পা বাড়িয়ে রেখেছে তৃতীয় পর্বে। তাই দলের কোচ ও খেলোয়াড়দের সবাই বলতে গেলে নির্ভার।
সম্ভবত এ কারণেই হার-জিত নিয়ে ভাবছেন না লেবানন কোচ। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের যোগ্যতা অনুযায়ী, খেলতে চাই। আর সে কাজটা করতে পারলে খেলায় এমনিতেই জিতবো।"
"তাই বলে জেতার ইচ্ছা আমার মধ্যে নেই, তা আমি বলবো না। এমন কোনো কোচ নেই যিনি হারতে চান," বলেন রুস্তম।
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে কিভাবে বিচার করছেন? এই প্রশ্নের জবাব দেন তিনি কূটনৈতিক কায়দায়, "দলটির বেশিরভাগ খেলোয়াড় তরুণ। তাদের ভবিষ্যত উজ্জ্বল। নিজেদের মাটিতে তারা ছেড়ে কথা বলবে না বলে আমি মনে করছি।"
বাংলাদেশ দলের প্রশংসা করলেও লেবানন কোচ অনুশীলন-মাঠ নিয়ে বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, "এতো শক্ত মাঠে অনুশীলন করলে যে কোনো সময় খেলোয়াড়রা আহত হতে পারেন।"
এদিকে বাংলাদেশ কোচ খেলা নিয়ে নির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা বলেননি। তিনি বলেন, "আমাদের লক্ষ্য ভালো খেলা। এ কথা আমি খেলোয়াড়দের বলে দিয়েছি।"
তবে খুব একটা আশাবাদী নন তিনি। এর কারণ হিসেবে তিনি বলেন, "কয়েকজন খেলোয়াড় এতো দুর্বল চিত্তের যে তাদের কাছ থেকে বড় কিছু আশা করা বোকামি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৩৪ ঘ.
bdnews24