ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকা-২০১১ এর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উরুগুয়ের আক্রমণভাগের খেলোয়াড় লুই সুয়ারেজ।
যদিও প্রতিযোগিতায় সুয়ারেজের শুরুটা ভালো হয়নি। পেরুর বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে গোল পেলেও পরের তিন খেলায় গোল করতে পারেননি তিনি। তবে পেরুর বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ঠিকই জ্বলে ওঠেন লিভারপুলের এই খেলোয়াড়। ওই ম্যাচে তার দুই গোলেই জেতে উরুগুয়ে।
প্যারাগুয়ের বিপক্ষে ফাইনালেও সুয়ারেজই প্রথম গোলটি করেন। বারবার হানা দিয়ে তিনি প্যারাগুয়ের রক্ষণভাগে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিলেন। এছাড়া ফাইনালে ফোরলানের দ্বিতীয় গোলটিও বানিয়ে দেন সুয়ারেজ। প্রতিযোগিতায় তিনি চারটি গোল করেন।
সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন পেরুর হোসে পাওলো গেরেরো। তিনি পাঁচটি গোল করেন। এর মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে হ্যাট্রিক করেন তিনি।
সেরা গোলরক্ষক হয়েছেন প্যারাগুয়ের জাস্তো ভিলার। যদিও ফাইনালে তার জালে তিনবার বল জড়িয়েছেন উরুগুয়ের দিয়েগো ফোরলান ও সুয়ারেজ। ভিলারের কৃতিত্বেই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে ও সেমিফাইনালে ভেনিজুয়েলাকে হারিয়ে ফাইনালে উঠেছিলো প্যারাগুয়ে।
প্রতিযোগিতার সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উরুগুয়ের রক্ষণভাগের খেলোয়াড় সেবাস্তিয়ান কোয়েটস। ব্রাজিলের নেইমার ও কোস্টারিকার জোয়েল ক্যাম্পবেলকে পেছনে ফেলে তিনি এই পুরস্কার জেতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১৪০০ ঘ.
bdnews24