ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যোগ্য দল হিসেবেই কোপার শিরোপা উরুগুয়ের জিতেছে বলে মনে করছেন প্যারাগুয়ে গোলরক্ষক ও অধিনায়ক জাস্তো ভিলার।
রোববারের ফাইনালে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়ে পঞ্চদশবারের মতো কোপা আমেরিকা জয় করলো উরুগুয়ে।
খেলা শেষে প্যারাগুয়ের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের জয়ের নায়ক ভিলার বলেন, "প্রতিযোগিতার শুরুতে আমরা ভালো খেলেছি। কিন্তু ধীরে ধীরে বড় দলটি ছোট হয়ে আসতে থাকে। আমরা 'শারীরিক ফুটবল' খেলেছি যার খেসারত আমাদের দিতে হয়েছে। অজুহাত হিসেবে বলছি না, তবে আমাদের অনেক খেলোয়াড় চোটগ্রস্ত ছিলেন।"
সাহস ও ভাগ্যের সহায়তায় গ্র"প ও 'নকআউট' পর্ব পাড়ি দিয়ে প্যারাগুয়ে ফাইনালে উঠেছে বলে জানান ভিলার। তিনি বলেন, "সাহস ও ভাগ্যের জোরেই আমরা ফাইনালে উঠেছি। আজ (রোববার) দ্বিতীয়ার্ধেও আমরা অনেকগুলো সুযোগ তৈরি করেছিলাম কিন্তু তা কাজে আসেনি।"
উরুগুয়ের প্রশংসা করে ভিলার বলেন,"প্রশ্নাতীতভাবে এবারের কোপা সেরার মুকুট পড়েছে উরগুয়ে। তাদের দলটা দুর্দান্ত। বিশেষ করে তাদের আক্রমণভাগের দুই খেলোয়াড়ের (ফোরলান ও সুয়ারেজ) তো তুলনা হয় না। তারা আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে সেরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিএ/১২৫৪ ঘ.
bdnews24