২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাদা, বাবার পর ফোরলান

উরুগুয়ের ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবে ফোরলান পরিবারের নাম। এই পরিবারের হয়ে মাঠ কাঁপাচ্ছেন এখন আতলেটিকো মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় দিয়েগো ফোরলান। তিনি নিজেই প্রকারান্তরে তার পরিবারের এই সাফল্যের কথা তুলে ধরতে দ্বিধা করেননি। আর করবেনই বা কেন? সাধনা ছাড়া যে এই বিরল সাফল্যের মালা গাঁথা সম্ভব নয়। ফোরলানের বাবার আগে কোপা আমেরিকা জয় করেন তার 'কোচ' বাবা। অন্য কথায়, ফোরলানের দাদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 06:03 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুগুয়ের ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবে ফোরলান পরিবারের নাম। এই পরিবারের হয়ে মাঠ কাঁপাচ্ছেন এখন আতলেটিকো মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় দিয়েগো ফোরলান। তিনি নিজেই প্রকারান্তরে তার পরিবারের এই সাফল্যের কথা তুলে ধরতে দ্বিধা করেননি। আর করবেনই বা কেন? সাধনা ছাড়া যে এই বিরল সাফল্যের মালা গাঁথা সম্ভব নয়। ফোরলানের বাবার আগে কোপা আমেরিকা জয় করেন তার 'কোচ' বাবা। অন্য কথায়, ফোরলানের দাদা। শুনুন, ফোরলান পরিবারের গৌরবের কথা তার নিজের মুখে, "আমার দাদা হুয়ান কার্লোস কোরেজো কোপা আমেরিকা জিতেছেন। আমার বাবা পাবলো ফোরলান জিতেছেন। আর এবার জিতলাম আমি।" এরপর খোলামেলাভাবে বলেই ফেললেন, "এটিই আমার পরিবারের গর্ব।" শুধু পরিবারের গণ্ডির মধ্যে আটকে থাকার মতো মানুষ নন দিয়েগো ফোরলান। তার ভাবনা ও ভালোবাসার মধ্যে আছে দেশ ও দেশের মানুষের কথা। তাদের কথা ভুলবেন কিভাবে? তাই এই জয় উৎসর্গ করলেন দেশের সব মানুষের নামে। বাবা পাবলো খেলতেন রক্ষণভাগে। ১৯৬৭ সালে তার হাত ধরে কোপা আমেরিকা জয় করে উরুগুয়ে। তবে ব্যর্থতা আছে বিশ্বকাপ ফুটবলে। ১৯৬৬ ও ১৯৭৪ সালে উরুগুয়ের হয়ে মাঠে নামলেও ঘরে আনতে পারেননি বিশ্বকাপ। যদিও তার পূর্বসূরীরা ব্যর্থ হননি। প্রথম বিশ্বকাপ (১৯৩০ সালে) তো জেতেন তারাই। এরপর ১৯৫০ সালেও এই গৌরবের মুকুট মাথায় পড়েন তারা। ১৯৬২ সালে উরুগুয়ে কিন্তু বিশ্বকাপ জিততে পারেনি। মাঠেও খেলতে দেখা যায়নি ফোরলান পরিবারের কাউকে। তবে 'সাইড-লাইনে' দাঁড়িয়ে মাঝে মধ্যে হাত নেড়ে খেলোয়াড়দের দিক-নির্দেশনা দিচ্ছিলেন যে লোকটি (কোচ), তিনি ছিলেন হুয়ান কোরেজো। ইতিহাস নিয়ে তো অনেক কথাই হলো। এখন ফিরে আসা যাক বর্তমানে। আতলেটিকো মাদ্রিদের আক্রমণভাগের মূল খেলোয়াড়দের একজন কিন্তু এবারের কোপার প্রথমদিকে গোলের দেখা পাননি। তবে ফাইনালে মাঠে নামার পর থেকেই তার পায়ে ফুটে উঠতে থাকে লাতিন ফুটবলের গতিময় ছন্দ। প্রথম গোলটি লুই সুয়ারেজ করলেও প্যারাগুয়ের জাল দু'বার ক্ষতবিক্ষত করেন ফোললান। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এই গতিময় ছন্দ কি তিনি তুলে রেখেছিলেন ফাইনালের জন্য। এখানে একটি কথা না বললেই নয়, উরুগুয়ের হয়ে সবচেয়ে বেশি ৩১টি গোল করেন হেক্টর স্কারোনে। কোপা ফাইনালের দুই গোল দিয়ে তার পাশে বসলেন ফোরলান। ১৯৯৫ সালের পর প্রথম ও পঞ্চদশবারের মতো কোপা জেতে ফোরলানের দল প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়ে। অনেকেই বলতে পারেন জয় এসেছে খুব সহজে। কিন্তু ফোরলান তা মানতে নারাজ। তার দলের জয়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চমৎকার শুরুর পাশাপাশি এগারো মিনিটে এগিয়ে যাওয়া। ২০১০ সালের বিশ্বকাপে গোল্ডেন বল বিজয়ীর ভাষায়, "আমরা জানতাম যে কেউ জিততে পারে খেলায়। শুরুতেই ভালো খেলার পাশাপাশি গোল আদায় করায় আমরা এগিয়ে যাই।" খেলা সম্পর্কে ঠিক একই ভাষায় কথা বলেন অধিনায়ক দিয়েগো লুগানোও। তার নিজের কথায়, "যেভাবে আমরা খেলেছি এবং কোপা জিতেছি, তাতে আমি সত্যিই গর্বিত।" "আসলেই আমি আমার মনের কথা আপনাকে বোঝাতে পারবো না। সারা দেশের মানুষকে মাতিয়ে তুলতে পেরেছি আনন্দে," এটাই লুগানোর পরম পাওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/টিআর/১১৮৪ ঘ.