২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা ছেড়ে রোমাতে কিরকিচ

দলবদলের বাজারের সর্বশেষ খবর, বোজান কিরকিচকে এএস রোমার কাছে ১২ মিলিয়ন ইউরোতে ব্রিক্রি করেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলবদলের বাজারের সর্বশেষ খবর, বোজান কিরকিচকে এএস রোমার কাছে ১২ মিলিয়ন ইউরোতে ব্রিক্রি করেছে বার্সেলোনা। এমনিতেই বার্সার মতো দলে বসে থাকতে হয় কিরকিচকে। তারচেয়ে বরং সেরি আ'র এএস রোমা ভালো মনে হয়েছে তার কাছে। কিন্তু, ব্রিক্রি হওয়ার আগেই তাকে নিয়ে এক অদ্ভুত চুক্তিতে একমত হয়েছে রোমা ও বার্সা। দুই বছর পর আবারও বার্সাতে ফিরে আসবেন কিরকিচ, চুক্তি তাই বলছে। সে জন্য বার্সা রোমাকে ১৩ মিলিয়ন ইউরো দেবে। কোনো কারণে যদি ইতালির দলটি কিরকিচকে ব্রিক্রি করেতে রাজি না হয় সে ক্ষেত্রে রোমাকে উল্টো আরও ২৮ মিলিয়ন ইউরো দিতে হবে! ফলে, দুই বছরের মধ্যে রোমাতে নিজের জায়গা প্রতিষ্ঠা করতে পারলে কিরকিচের বাজার মূল্য দাঁড়াবে মোট ৪০ মিলিয়ন ইউরো। বিদায় বেলায় শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কিরকিচ। এ সময় জাভি, কালোর্স পুয়েল এবং বার্সার স্পোর্টিং ডিরেক্টর আনদোনি জুবিজারেতা তার পাশেই ছিলেন। হাসিমুখেই বার্সাকে বিদায় জানালেও বিষন্নতা ভর করেছিল কিরকিচের কন্ঠে,"একজন সমর্থক ও দলের সদস্য হয়ে আমি বিশ্বাস করি পেপ (গার্দিওলা) বার্সার সেরা কোচ। তবে খেলোয়াড় হিসেবে অনেক কিছুই আমার মন মতো হয়নি, যা খারাপ লেগেছে।" কখনোই গার্দিওলার মূল একাদশে জায়গা হয়নি তার। সেদিকেই ইঙ্গিত করে কিরকিচের বিষন্নতা। তবে দু'বছরের 'চ্যালেঞ্জ'টাকে কাজে লাগাতে পারলে স্পেনের অনূর্ধ্ব ২১ দলের এ খেলোয়াড় সেই মুহূর্তে বিশ্বের অন্যতম দামি খেলোয়াড়ে পরিণত হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২২৪৩ ঘ.