ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদিনেসের অ্যালেক্সিস সানচেজের ন্যূ-ক্যাম্পে যোগ দেয়ার বিষয়টি শুক্রবার তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে বার্সেলোনা। সোমবার চুক্তির আনুষ্ঠানিকতা সারা হবে বলেও জানিয়েছে কাতালান দলটি।
চিলির সানচেজকে কিনতে ৩৭.৫ মিলিয়ন ইউরো খরচ হলো বার্সেলোনার। চুক্তির মেয়াদ পাঁচ বছর।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সানচেজের প্রতিনিধি ফার্নান্দো ফেলিচেভিচ ও বার্সার ডিরেক্টর আনদোনি জুবিজারেতা প্রাথমিক আলাপে বসেন। দু'জন মতৈক্যে পৌছানোয় সানচেজের বার্সা যাওয়াটা নিশ্চিত হয়।
চিলির আক্রমণভাগের খেলোয়াড়টিকে দলে টানার পেছনে কারণ ব্যাখ্যা করেন বার্সা কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, "সানচেজ অনেক তরুণ। আক্রমণভাগের 'তিনটি' জায়গাতেই খেলার যোগ্যতা আছে। যে কোনো খেলার মোড় ঘুরিয়ে দেয়ার সামর্থ্যও রাখেন তিনি। সর্বোপরি, সানচেজ একজন ভালো মানুষ।"
দলবদলের শুরু থেকেই বার্সার লক্ষ্যে ছিলেন সানচেজ। এক প্রকার সবাইকে বলে-কয়ে সানচেজকে কিনে নিলো স্পেনের দলটি। সোমবারের আনুষ্ঠানিক ঘোষণার পর নূ-ক্যাম্পে বার্সার প্রাক মৌসুম অনুশীলনে যোগ দেবেন এ খেলোয়াড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২২০৬ ঘ.
bdnews24