২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমিলি ও মিথুনের ক্ষমা প্রার্থনা, তারপরও ব্যবস্থা

জাহিদ হাসান এমিলি ও মিথুন চৌধুরী মানিকগঞ্জে 'খ্যাপ' খেলার কথা স্বীকার করে ক্ষমা চাইলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, ২০ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহিদ হাসান এমিলি ও মিথুন চৌধুরী মানিকগঞ্জে 'খ্যাপ' খেলার কথা স্বীকার করে ক্ষমা চাইলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়। 'খ্যাপ' খেলার জন্য আক্রমণভাগের এই দুই খেলোয়াড় অনুতপ্ত হয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি এবং কোচ নিকোলা ইলিয়েভস্কির কাছে ক্ষমা চান। বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের খেলাকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প চলছিল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপিতে)। মঙ্গলবার খেলোয়াড়দের একদিনের ছুটি দেন কোচ। এই সুযোগে মানিকগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় খেলতে যান এমিলি ও মিথুন। বাদল রায় বলেন, "তাদের 'খ্যাপ' খেলার খবর পেয়ে আমি তাদের ফোন করি। তখন তারা আমার কাছে 'খ্যাপ' খেলার কথা অস্বীকার করেন। পরে বাফুফে ভবনে ডেকে আনলে তারা তা স্বীকার করেন ও ক্ষমা চান।" "আপাতত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি না। তবে লেবানন থেকে জাতীয় দল ফিরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে," বলেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান। এখনই ব্যবস্থা না নেয়ার কারণ হিসেবে জাতীয় স্বার্থ অর্থাৎ লেবাননের সঙ্গে খেলার কথা উল্লেখ করেন। আর জাতীয় দলের কোচ নিকোলা ইলিয়েভস্কি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে দুই খেলোয়াড়কে সতর্কও করে দেন তিনি। বলেন, "ভবিষ্যতে এমন কাজ করলে তাদের দল থেকে বের করে দেব।" এদিনের সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে চলে আসে আক্রমণভাগের খেলোয়াড় জাহিদ হাসান এমিলি ও মিথুন চৌধুরির মঙ্গলবার মানিকগঞ্জে গিয়ে খ্যাপ খেলা প্রসঙ্গ। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বলেন, "লেবানন থেকে এসেই আমার এ বিষয়ে ব্যবস্থা নেবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১৪ ঘ.