২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননের পথে বাংলাদেশ দল

জেতার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের প্রথম খেলার জন্য লেবানন রওনা দিয়েছে বাংলাদেশ দল। কোচ তার দলকে খেলাবেন নতুন একটি পদ্ধতিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেতার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের দ্বিতীয় পর্বের প্রথম খেলার জন্য লেবানন রওনা দিয়েছে বাংলাদেশ দল। কোচ তার দলকে খেলাবেন নতুন একটি পদ্ধতিতে। বুধবার রাত ৮ টায় এমিরেটসের বিমানে করে ঢাকা ছেড়ে যায় দলটি। ২৬ সদস্যের দলে ২০ খেলোয়াড় ও ৬ কর্মকর্তা রয়েছেন। খেলা হবে বৈরুতে ২৩ জুলাই। শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায় (বৈরুত সময় বিকেল ৫ টা)। ফিরতি খেলা হবে ২৮ জুলাই ঢাকায়। পাঁচদিনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেন, "ঘরোয়া প্রতিযোগিতার কারণে আমরা পাঁচদিন প্রস্তুতি নিতে পেরেছি। কিন্তু ফুটবলাররা খেলার মধ্যেই ছিলেন। এটিই ইতিবাচক দিক।" কোচ নিকোলা ইলিয়েভস্কি বলেন, "আমরা জেতার জন্য মাঠে নামবো। আর অন্য কিছু ভাবনা আমাদের মাথায় নেই।" "পাঁচদিনের প্রস্তুতি ক্যাম্পে আমরা মূলত কৌশলগত দিক নিয়ে কাজ করেছি। খেলোয়াড়রা মাঠে তা মেলে ধরতে পারলে ফলাফল আমাদের পক্ষেই আসবে বলে আমার বিশ্বাস, " বলেন ইলিয়েভস্কি। লেবাবন জাতীয় দল এ পর্যন্ত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। কুয়েতের কাছে ৬-০, ওমানের কাছে ১-০ এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ৬-২ গোলে হেরেছে। প্রতিপক্ষের এই ফলাফল দেখে আশাবাদী হয়ে উঠেছেন কোচ। বাংলাদেশ কোচ বলেন, "আমার খেলোয়াড়দের আত্মবিশ্বাস এখন খুবই ভালো অবস্থানে। এ ধারা বজায় থাকলে জয় পেতে মোটেও বেগ পেতে হবে না আমাদের।" এদিকে ইলিয়েভস্কি নতুন পদ্ধতি তৈরি করেছেন। এটিকে তিনি অভিহিত করেন ৪-১-৪-১ পদ্ধতি হিসেবে। এই পদ্ধতিতে রক্ষণভাগ সামাল দেবেন চারজন, 'ডিফেন্সিভ মিডফিল্ডার' থাকবেন একজন, মাঝমাঠে থাকবেন চারজন ও আক্রমণভাগে থাকবেন একজন। লেবাননের বিপক্ষে দুটি খেলায় বাংলাদেশ জিততে পারলেই এশিয়ার সেরা ২০টি দলের কাতারে চলে আসবে। বাংলাদেশ অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য অবশ্য সরাসরি জয়ের কখা বলেননি। বরং ভালো খেলা উপহার দিতে চান তিনি। বিপ্লব বলেন, "পাকিস্তানের বিপক্ষে খেলা দলের চেয়ে এ দলটি অনেক বেশি অভিজ্ঞ। তাই আমরা আরো ভালো ফুটবল খেলতে পারবো বলে আশাবাদী।" দল: বিপ্লব ভট্টাচার্য (অধিনায়ক), জিয়াউর রহমান, মামুন খান (গোলরক্ষক), মামুন মিয়া, মোহাম্মদ লিঙ্কন, মোহাম্মদ সুজন, আরিফুল ইসলাম, রেজাউল করিম, নাসিরুল ইসলাম, ওয়ালী ফয়সাল, আতিকুর রহমান মিশু, প্রাণতোষ কুমার দাস, মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, শাকিল আহমেদ, আব্দুল বাতেন কোমল, মিথুন চৌধুরী, হেদায়েতুল্লাহ রবিন ও জাহিদ হাসান এমিলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৩৬ ঘ.