২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের জন্য সুয়ারেজকে তুলে রাখলেন কোচ

উরুগুয়ে কোচ অস্কার তাবারেজের মূল দুই হাতিয়ারের একটি লুই সুয়ারেজ। পেরুর বিপক্ষে দুই গোল করার পর তাকে মাঠ থেকে তুলে নেন কোচ রোববারের ফাইনালের জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উরুগুয়ে কোচ অস্কার তাবারেজের মূল দুই হাতিয়ারের একটি লুই সুয়ারেজ। পেরুর বিপক্ষে দুই গোল করার পর তাকে মাঠ থেকে তুলে নেন কোচ রোববারের ফাইনালের জন্য। তাবারেজের অপর হাতিয়ার দিয়েগো ফোরলান। সুয়ারেজ সম্পর্কে তাবারেজ বলেন, যে কোনো সময় তিনি পাল্টে দিতে পারেন খেলার ধারা। যেমনটা করেছেন তিনি পেরুর বিপক্ষে। সুয়ারেজ আহত হয়ে ফাইনালে খেলতে পারবেন না, এমন শঙ্কায় ছিলেন না কোচ। খেলার ১৩ মিনিটে হলুদ কার্ড দেখায় ফাইনালবিহীন সুয়ারেজের আশঙ্কায় ভুগছিলেন তিনি। আর একটা হলুদ কার্ডের খড়গে পড়লেই যে সমূহ বিপদ। তাই সুয়ারেজকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে ২৬.৫ মিলিয়ন ইউরোতে আয়াক্স আর্মস্টারডাম থেকে লিভারপুলে যোগ দেন সুয়ারেজ। স্টোক সিটির বিপক্ষে লিভারপুলের জার্সি গায়ে খেলতে নেমেই গোল করেন। সেই সঙ্গে ভঙ্গুর দলটিকে আশার আলো দেখান সুয়ারেজ। শেষ পর্যন্ত কিছুট হলেও আলো ছড়ান তিনি। একসময় তালিকার বেশ নিচে থাকা দলটি সুয়ারেজের কাঁধে চড়ে তালিকায় ষষ্ঠ স্থানে থেকে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ শেষ করে। কোপার ৪৩তম আসরে নেইমার, মেসি, পাতো বা সতীর্থ দিয়েগো ফোরলানের মতো সুয়ারেজ নাম উচ্চারিত না হলেও তাদের পাশেই মিটিমিটি জ্বলছিলেন লিভারপুলের এ খেলোয়াড়। গ্র"প পর্বে নিভেই ছিলেন পুরোপুরি। তারপরও গ্র"প পর্যায় থেকে শেষ আট পেরিয়ে দল পৌঁছে গেল শেষ চারে। কিন্তু সেমিফাইনালে বেরিয়ে এলেন খোলস ছেড়ে। সুন্দর ফুটবলের পুরোটা মেলে ধরলেন বুয়েন্স আয়ার্সের লা প্লাতা স্টেডিয়ামে। পাঁচ মিনিটের মধ্যে করলেন দু'গোল। আবার প্রমাণ করলেন 'ফর্ম' ক্ষণিকের, কিন্তু 'ক্লাস' স্থায়ী। খেলা শেষে তাই কোচের মুখে শুধু সুয়ারেজ-বন্দনা। কি বলবেন ভেবে না পেয়ে শেষ পর্যন্ত তার নামের পাশে 'নামিদামি' বিশেষণ বসিয়ে দিলেন তাবারেজ, "একজন অসাধারণ খেলোয়াড় তিনি। বিশ্বের আক্রমণভাগের সেরা খেলোয়াড়দের একজন।" এল পিস্তোলেরোর (সুয়ারেজের ডাকনাম) প্রশংসায় পঞ্চমুখ হলেও দ্বিতীয়ার্ধে তাকে মাঠ থেকে তুলে নেন কোচ। দু'গোল করার পরও সুয়ারেজকে কেন তুলে নেওয়া হলো? তাবারেজ এবার বিজ্ঞের হাসি হাসলেন। যেন জানতেন এ প্রশ্নের মুখে পড়তে তাকে হবেই! ইতস্তত না করে সোজা কথায় বলে দিলেন, "ফাইনালের জন্য সুয়ারেজকে তুলে রাখলাম। তাকে ছাড়া ফাইনালের কথা ভাবতেই পারি না।" দেখা যাক, রোববারে ফাইনালে তাবারেজের প্রিয় সুয়ারেজ কি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৫০ ঘ.