মানিকগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ফুটবল দলের দুই খেলোয়াড় জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে 'খ্যাপ' খেলার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক কর্মকর্তা তাদের খেলার কথা স্বীকার করেন। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে এমিলির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করেন। আর যোগাযোগ করা সম্ভব হয়নি মিঠুনের সঙ্গে।
এই মুহূর্তে জাতীয় ফুটবল দল বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের খেলাকে সামনে রেখে পাঁচদিনের অনুশীলন ক্যাম্পের অংশ হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) রয়েছে।
জাতীয় দলের লেবানন রওনা দেয়ার কথা ২০ জুলাই। তাই পরিবার-পরিজনের সঙ্গে দেখা-সাক্ষাতের জন্য খেলোয়াড়দের ১৯ জুলাই ছুটি দেয়া হয়। সেই ফাঁকে মানিকগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের আক্রমণভাগের এই দুই খেলোয়াড় 'খ্যাপ' খেলতে আসেন বলে অভিযোগ করেন হরিরামপুর উপজেলা একাদশের কোচ ও ভারপ্রাপ্ত টিম ম্যানেজার সেকেন্দার হায়াত খান মজলিশ। তিনি দাবি করেন, এমিলি ও মিঠুন ভুয়া নামে মানিকগঞ্জ পৌরসভা একাদশের হয়ে মাঠে নামেন।
অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়েছে বাফুফে। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি বাফুফে ভবনে জরুরী সভার আয়োজন করে। সভায় অভিযুক্ত দুই খেলোয়াড়কেও উপস্থিত থাকতে বলা হয়।
সেকেন্দার হায়াত সাংবাদিকদের জানান, মানিকগঞ্জ পৌরসভা একাদশের হয়ে এমিলি ১০ নম্বর জার্সি পড়ে সাগর নামে ও মিঠুন ৭ নম্বর জার্সি পড়ে আতিক নামে খেলেন। বিষয়টি জানাজানি হওয়ায় ম্যাচের প্রথমার্ধ খেলে তারা দ্রুত মানিকগঞ্জ ত্যাগ করেন।
তবে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফম সুলতানুল আজম খান আপেল তাদের খেলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, তারা খেলা দেখতে এসেছিলেন।
প্রতিযোগিতাটি আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হয় মানিকগঞ্জ পৌরসভা একাদশ ও হরিরামপুর উপজেলা একাদশ। খেলায় মানিকগঞ্জ পৌরসভা ৩-০ গোলে জেতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/টিএ/টিআর/২৩৩৮ ঘ.
bdnews24