ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম বাংলাদেশ লিগের দলবদল ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে। শেষ হবে ১৫ নভেম্বর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তি জানায়, সোমবার রাতে পেশাদার লিগ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে পরবর্তী বাংলাদেশ লিগে ১০টি দল খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়। গত লিগে খেলে ১২টি দল। চট্টগ্রাম মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী নেমে যাওয়ার পর নতুন কোন দলকে অন্তর্ভূক্ত করা হয়নি।
দলগুলো হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ এমএফএস, ফরাশগঞ্জ স্পোটিং ক্লাব ও ফেনী সকার ক্লাব।
সভায় বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর চালু করার ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে ১৫টি ক্লাব বাফুফের কাছে আবেদন করেছে। ২৫ ও ২৬ জুলাই ক্লাবগুলোর কর্মকর্তাদের সাক্ষাৎকার নেবে বাফুফে।
লিগ কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, "বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে ৮টি দলকে খেলার সুযোগ দেয়া হবে। প্রতি মৌসুমের চ্যাম্পিয়ন দল মূল স্তরে উঠে আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২৩ ঘ.
bdnews24