ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থতা বিশ্বকাপের পর কোপা আমেরিকা কাপেও সঙ্গী থাকলো আর্জেন্টিনার। নিজেদের মাঠে উরুগুয়ের কাছে ট্রাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো লিওনেল মেসির দলকে।
শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোর সোয়া চারটা) সান্তা ফে স্টেডিয়ামের এ খেলায় নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকে। ফলে সেমিফাইনালে কে যাবে, পেনাল্টি শুটআউটে তার নিষ্পত্তি হয়।
টাইব্রেকারে উরুগুয়ের পাঁচটি শটই জালের ঠিকানা খুঁজে পেলেও আর্জেন্টিনার কার্লোস তেভেজের শটটি (তৃতীয় শট) ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক নেস্তোর মুসলেরা।
এদিকে প্রথম কোয়ার্টার ফাইনালে পেরু ২-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে।
সান্তা ফে স্টেডিয়ামের খেলাটি শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেষ্টা চালাতে থাকে সার্জিও বাতিস্তার শিষ্যরা। গঞ্জালো হিগুয়াইন ও সার্জিও অ্যাগুয়েরো মিলে দারুণ এক আক্রমণও হানেন। কিন্তু মুসলেরার মুন্সিয়ানায় তা ব্যর্থ হয়ে যায়।
খেলার ৫ মিনিটের মাথায় গোল করে উরুগুয়েকে এগিয়ে নেন মাঝমাঠের খেলোয়াড় দিয়েগো পেরেজ। বিশ্বকাপসেরা দিয়াগো ফোরলানের ফ্রি কিক আটকাতে ব্যর্থ হয় আর্জেন্টিনার রক্ষণ দেয়াল। বল গিয়ে পড়ে গোলপোস্টের কাছে দাঁড়ানো পেরেজের সামনে। বল জালে জড়াতে কোনো ভুল করেননি পেরেজ। পুরো স্টেডিয়াম তখন স্তব্ধ।
এক গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। বল তাদের পায়েই বেশি থাকলেও উরুগুয়ের রক্ষণদুর্গ কিছুতেই ভাঙতে পারছিলো না তারা। তবে উরুগুয়েও ছেড়ে কথা বলছিলো না। পাল্টা আক্রমণে উঠছিলো তারাও।
খেলার ১৮ মিনিটের মাথায় উরুগুয়ের আক্রমণে বাধা দেন আর্জেন্টিনার রক্ষণভাগের এক খেলোয়াড়। বল পান মেসি। ডান প্রান্ত ধরে নিজেদের প্রান্ত থেকে বল নিয়ে তিনি দ্রুত উঠে আসেন উরুগুয়ের প্রান্তে। পেনাল্টি বক্সের সামান্য বাইরে থেকে তিনি রক্ষণভাগের ছয় জন খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে বল দেন গোলপোস্টের কাছে থাকা অরক্ষিত হিগুয়াইনকে। মাথা দিয়ে ওই বল জালে জড়িয়ে কোটি মানুষকে উল্লাসে ভাসান স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এ তারকা।
৩০ মিনিটে মেসির ফ্রি-কিকের বল আবারো মাথা দিয়ে জালে জড়িয়ে উল্লাস শুরু করেন হিগুয়াইন, কিন্তু লাইন্সম্যানের অফসাইড বাঁশি তার ওই উল্লাসকে থামিয়ে দেয়।
আর্জেন্টিনা বল নিয়ন্ত্রণে রেখে ছোট ছোট পাসে খেলতে থাকে। আর লুই সুয়ারেজকে সামনে রেখে লম্বা পাসে হঠাৎ আক্রমণে উঠতে থাকে উরুগুয়ে।
আর্জেন্টিনার মত অফসাইডের কারণে উরুগুয়ের একটি গোলও বাতিল হয়ে যায়। ৩৫ মিনিটে ফোরলানের ফ্রি-কিকের বল গিয়ে পড়ে আর্জেন্টিনার বক্সের জটলার মধ্যে। উরুগুয়ের রক্ষণভাগের খেলোয়াড় দিয়াগো লুগানো মাথা ছোঁয়ালেও তা গোলপোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল ধরে তিনি ঠিকই তা জালে জড়িয়ে দেন। কিন্তু ততক্ষণে অফসাইডের পতাকা তুলে ফেলেন লাইন্সম্যান।
এর মাত্র তিন মিনিট পর দি মারিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন এই ম্যাচে উরুগুয়ের গোলদাতা পেরেজ।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্নার থেকে উরুগুয়ের একটি সম্মিলিত আক্রমণ গোল পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়।
দ্বিতীয়ার্ধে হঠাৎ করেই যেন ছন্দহারা হয়ে পড়ে মেসি, হিগুয়াইন, অ্যাগুয়েরো, মিলিতোদের মতো তারকাদের নিয়ে গড়া আর্জেন্টিনা। ১০ জনের উরুগুয়ের বিপক্ষে কোনো সুবিধাই আদায় করতে পারছিলো না তারা। বরং তাদের কিছুটা চেপে ধরেই খেলতে থাকে উরুগুয়ে।
খেলার ১৫ মিনিট বাকি থাকতে জাভিয়ের পাস্তোরেকে মাঠে নামান আর্জেন্টিনার কোচ বাতিস্তা। তাতে আক্রমণের ধার কিছুটা বাড়ে।
৭৮ মিনিটের মাথায় মেসি ও হিগুয়েন জুটি দারুণ এক আক্রমণ সাজান। কিন্তু হিগুয়াইনের শট হাঁটু দিয়ে ঠেকিয়ে দেন মুসলেরা।
এক মিনিট পর ফোরলানকে গোল বঞ্চিত করেন রোমেরো। ৮৪ মিনিটে অ্যাগুয়েরোকে তুলে নিয়ে তেভেজকে মাঠে নামান বাতিস্তা।
দুই মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনাও। সুয়ারেজকে অবৈধভাবে বাধা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক হাভিয়ার মাসচেরানো।
খেলায় যখন আর মাত্র কয়েক সেকেন্ড বাকি তখন মেসির ফ্রি-কিক থেকে পাওয়া বল ধরে গোলমুখে তেভেজের তীব্র শটটি শুয়ে কোনো মতে পা দিয়ে ঠেকিয়ে দেন মুসলেরা।
খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১৪ মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটা পেয়েছিলো আর্জেন্টিনা। কিন্তু দুর্ভাগ্য! হিগুয়ানের শট বারে লেগে ফিরে আসে। তবে সবচেয়ে ভালো সুযোগটা আর্জেন্টিনা পেয়েছিলো ২৬ মিনিটের মাথায়। বল নিয়ে আগুয়ান মেসিকে থামাতে পারেননি উরুগুয়ের রক্ষণভাগের কোনো খেলোয়াড়। কিন্তু মুসলেরা আবারো বাঁচিয়ে দেন উরুগুয়েকে। হতাশ মেসি মুখ ঢেকে মাঠে শুয়ে পড়েন।
অতিরিক্ত সময়ও শেষ হয়ে যায়। খুবই হতাশ দেখাচ্ছিল কোচ বাতিস্তা ও আর্জেন্টিনার খেলোয়াড়দের। শেষ পর্যন্ত টাইব্রেকারের হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় ১৪ বার কোপা আমেরিকা জেতা দলটিকে।
গত বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে সারাবিশ্বের কোটি কোটি মানুষকে হতাশায় ডুবিয়েছিলো দিয়াগো মারাদোনার দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/০৮০০ ঘ.
bdnews24