ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাতানো খেলার দায়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ২০ ও রহমতগঞ্জের ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে রহমতগঞ্জের সহ-সম্পাদক সালাহউদ্দিন কালাকে তিন ও গোলরক্ষক ইরান শেখকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
এছাড়া সালাহউদ্দিন কালাকে মিষ্টি খাওয়ার দাওয়াত দেয়ার জন্য মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ মারুফুল হককে নিষিদ্ধ করা হয় দুই মাসের জন্য।
বাফুফে ভবনে শনিবার ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
বাংলাদেশ লিগের ১১ জুনের খেলা নিয়ে পাতানো খেলার অভিযোগ ওঠে। খেলায় রহমতগজ্ঞ প্রথমে ২ গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ৫-২ গোলে হারে।
পাতানো খেলার অভিযোগ খতিয়ে দেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে এসব সুপারিশ করে পেশাদার লিগ কমিটি।
নির্বাহী কমিটির বৈঠকে সুপারিশগুলো অনুমোদন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৫৩ ঘ.
bdnews24