২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার কাপের ফাইনাল, সেমিফাইনাল পেছালো

লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের খেলার জন্য গ্রামীণফোন সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনাল পিছিয়ে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলের এশিয়া অঞ্চলের খেলার জন্য গ্রামীণফোন সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনাল পিছিয়ে দেয়া হয়েছে। বাছাই পর্বের প্রথম খেলা হবে ২৩ জুলাই লেবাননে। ফিরতি খেলা ঢাকায় ২৮ জুলাই। আর সুপার কাপের সেমিফাইনাল দু'টি হওয়ার কথা ছিল ১৬ ও ১৭ জুলাই। ফাইনাল ১৯ জুলাই। এরই মধ্যে সুপার কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও মোহামেডান। শেখ জামাল খেলবে মোহামেডানের সঙ্গে। আর মুক্তিযোদ্ধা লড়বে আবাহনীর বিপক্ষে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বৃহস্পতিবার রাতে বলা হয়, সুপার কাপ আয়োজক কমিটি এক বৈঠকে মুক্তিযোদ্ধা ও শেখ রাসেলের মধ্যে বৃহস্পতিবারের খেলার পর প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাছাই পর্বের খেলা শেষে এই তিনটি খেলা হবে বলে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। তবে খেলার দিনক্ষণ ঘোষণা করা হয়নি। জাতীয় দলের অনুশীলন শুরু হবে শুক্রবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৫৮ ঘ.