ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ব্রাজিল। নেইমার ও পাতোর জোড়া গোলে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ খেলায় ব্রাজিল ৪-২ গোলে হারায় ইকুয়েডরকে।
এদিকে ভেনেজুয়েলা-প্যারাগুয়ের মধ্যকার দিনের অন্য ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়। উভয় দলই ৩টি করে গোল করে।
আগের দুই ম্যাচে ভেনেজুয়েলা ও প্যারাগুয়ের সাথে ড্র করে কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়েই শঙ্কা জাগিয়ে তুলেছিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল।
তিন খেলায় ৫ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপে শীর্ষস্থান নিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। সমান সংখ্যক খেলায় ভেনেজুয়েলার সংগ্রহও ৫ পয়েন্ট। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তালিকায় দ্বিতীয় দল তারা। তিন খেলায় ৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে প্যারাগুয়ে। ১ পয়েন্ট নিয়ে তালিকার শেষ স্থানে রয়েছে ইকুয়েডর।
ব্রাজিল ও ভেনেজুয়েলার সঙ্গে এই গ্রুপের তৃতীয় দল প্যারাগুয়েও শেষ আটে পৌঁছে গেছে। 'এ' গ্রুপের তৃতীয় দল কোস্টারিকার পয়েন্টও ৩। কিন্তু তারা গোল হজম করেছে ৪টি আর প্রতিপক্ষের জালে বল জড়াতে পেরেছে মাত্র ২টি। আর প্যারাগুয়ে গোল হজম করেছে ৫টি ও অন্যের জালে বল পাঠিয়েছে ৫ বার। ফলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় প্যারাগুয়েই শেষ আটে খেলবে।
এছাড়াও কোয়ার্টার ফাইনালের অন্য দলগুলো হলো কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, উরুগুয়ে ও চিলি।
১৬ জুলাই প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া ও পেরু। একই দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে আর্জেন্টিনা ও উরুগুয়ে।
১৭ জুলাই তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল ও প্যারাগুয়ে। ওই দিন চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে চিলি ও ভেনেজুয়েলা।
এবারের কোপায় আগের দুই ম্যাচে চিরচেনা ব্রাজিলের খেলার ছন্দ খুঁজে পাওয়া যায় নি। এই নিয়ে দেশেও তুমুল সমালোচনার শিকার হয় মেনেজেসের শিষ্যরা। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার পর মেনেজেস বলেন, "চাপের মুখেও কীভাবে খেলতে হয়, আমার ছেলেরা সেটা জানে।"
বুধবারের খেলায় ২৯ মিনিটেই প্রথম গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন আলেক্সান্দ্রে পাতো। কিন্তু ৩৭ মিনিটের মাথায় খেলায় সমতা ফিরিয়ে আনেন ইকুয়েডরের কাইসিডো।
প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর আবারও 'ড্র'-এর শঙ্কা ঘিরে ধরে ব্রাজিলিয়ান শিবিরে। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছুক্ষণ পরই (৫০ মিনিটে) ব্রাজিলের নতুন সেনসেশন নেইমার গোল করে ব্রাজিলকে আবারো এগিয়ে নেন।
যদিও সেই ব্যবধানও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ৫৯ মিনিটে ইকুয়েডরের কাইসিডো আবারও গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। এর ঠিক ৩ মিনিট পর গোল করে ব্রাজিলকে আবারো এগিয়ে নেন পাতো।
৭২ মিনিটে নেইমার শেষ গোলটি করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন।
এ খেলায় ইকুয়েডর হারলেও প্রায় সমান তালেই লড়ে গেছে বিশ্বফুটবলের পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে। আর ব্রাজিলের দুই অন্যতম অস্ত্র পাতো ও নেইমারের স্বরূপে ফেরা নিশ্চিত ভাবেই হ্যাট্রিক শিরোপার দাবিদার ব্রাজিলকে উজ্জীবিত রাখবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/সিআর/০৮৫৪ ঘ.
bdnews24