ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) জরিমানার অর্থ দশ বছরে পরিশোধ করার প্রস্তাব দিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী। এই অর্থ পাবেন জার্মানির ফুটবলার মোহাম্মদ আব্দুল্লাই।
পুরো মৌসুমের জন্য চুক্তি করে শেখ রাসেল আগেভাগে আব্দুল্লাইকে দেশে ফেরত পাঠিয়ে দেয়ায় তিনি ফিফার কাছে চুক্তি ভঙ্গের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনা খতিয়ে দেখে ফিফা ৩৭ হাজার ডলারেরও বেশি অর্থ জরিমানা করে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ রাসেল সভাপতি বলেন, "আমরা বাংলাদেশি মুদ্রায় দশ বছরে জরিমানার এই অর্থ পরিশোধ করার প্রস্তাব দিয়েছি। ওই খেলোয়াড়কে বাংলাদেশে এসে এই অর্থ নিতে হবে।"
"তবে আমরা চুক্তি ভঙ্গ করিনি। 'পারফরমেন্স' ভালো না হওয়ায় ৪ হাজার ডলার বেতন ও বিমান ভাড়া দিয়ে তাকে তার দেশে পাঠিয়ে দেই," বলেন তিনি।
যা করা হয়েছে ক্লাবের নিয়ম অনুযায়ী তা করা হয়েছে নুরুল আলম দাবি করেন।
শেখ রাসেল ২০০৯ সালে আব্দুল্লাইয়ের সঙ্গে এই চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী, তার মাসিক বেতন ছিল ৪ হাজার ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩৩৫ ঘ.
bdnews24