ইব্রাহিম ভালো খেললে জিততাম: অমলেশ
আক্রমণভাগের খেলোয়াড় আইডু ইব্রাহিম আশানুরূপ খেলতে না পারায় সুপার কাপে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে তার দল (আবাহনী লিমিটেড) ড্র করেছে বলে মনে করছেন কোচ অমলেশ সেন।
ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণভাগের খেলোয়াড় আইডু ইব্রাহিম আশানুরূপ খেলতে না পারায় সুপার কাপে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে তার দল (আবাহনী লিমিটেড) ড্র করেছে বলে মনে করছেন কোচ অমলেশ সেন।
আর ব্রাদার্সের কোচ ওয়াসিম ইকবাল আবাহনীর কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিতে পেরেই খুশি।
নিজেদের প্রথম খেলায় ব্রাদার্স শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে ৬-১ গোলে হার মানে। এর ফলে আবাহনীর সুপার কাপের শেষ চারে জায়গা করে নেয়া অনেকটা নিশ্চিত। কারণ ধানমন্ডির ঐতিহ্যবাহী দলটি শেখ জামালের কাছে ৬-১ গোলে হারবে, ঘোর আবাহনী বিদ্বেষীও এ কথা মানতে চাইবেন না।
ব্রাদার্স কোচ ওয়াসিমও এ ব্যাপারে একমত। হাসতে হাসতে সাংবাদিকদের বললেন, "হ্যা আমরা সুপার কাপে আর নেই।" বিদায় নিচ্ছেন ভেবে এত আনন্দে কেন তিনি? জবাবটা দিলেন নিজেই, "আগের ম্যাচে শেখ জামালের কাছে ৬ গোল খাওয়ার পর খুবই লজ্জা পেয়েছিলাম। ব্রাদার্স আসলে এমন দল নয়। আজ খেলেই প্রমাণ করে দিলাম যে আমরাও খেলতে জানি।"
আগের ম্যাচের দলটা রাতারাতি এতটা বদলে গেল কিভাবে? প্রশ্ন শুনে তৃপ্তির ঢেঁকুর তুললেন ওয়াসিম। বললেন, "আগের একাদশে আজ তিনটা পরিবর্তন এনেছি। গোলরক্ষক, রক্ষণভাগ আর মাঝমাঠে। এগুলো খুবই কাজে লেগেছে।"
তবে প্রকৃত সত্য হচ্ছে, ম্যাচটি আবাহনী জেতার মতোই খেলেছে। তিনটি সহজ সুযোগ আর একটি 'হাফ-চান্স' খেলোয়াড়রা কাজে লাগাতে পারেননি বলেই জিততে পারেনি সুপার কাপের প্রথম আসরের রানার্সআপ দলটি।
সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় অমলেশ বলেন, "প্রথমার্ধে ফাঁকা গোলপোস্ট পেয়েও উজ্জ্বল গোল করতে পারেননি। এই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি বলে আমি হতাশ। আর দ্বিতীয়ার্ধে ইব্রাহিমও বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন।"
এরপরে 'মনে পড়েছে' এমনভাবে তিনি বললেন, "আসলে ইব্রাহিম প্রত্যাশা মতো খেলতে পারেননি। গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি। তিনি ভালো খেললেই জিততে পারতাম।"
ড্র করার পেছনে আরও একটি কারণ পছন্দের খেলোয়াড়টিকে দলে নিতে না পারা। এ প্রসঙ্গে অমলেশ বলেন, "আরামবাগের ইসমাইল বাঙ্গুরাকে আক্রমণভাগে রেখে সুপার কাপের দল সাজাতে চেয়েছিলাম। কিন্তু তাকে তো শেখ রাসেল নিয়ে নিল।"
আকাশী-নীল ডোরাকাটা জার্সিদের সুপার কাপ জয়ের ব্যাপারে আশাবাদী কোচ, "এখানে প্রতিটা খেলাই ফাইনাল। আমরা সব মিলে দলটা ভালো। আশা করছি, শিরোপা জিততে পারবো।"
জাতীয় দলের রক্ষণভাগের সাবেক খেলোয়াড় অমলেশ তার ফুটবল জীবনের শুরু থেকেই আবাহনীতে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০৬ ঘ.
