২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল অফ ফেমে আন্দ্রে আগাসি

টেনিসের 'হল অফ ফেমে' জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রর সাবেক টেনিস তারকা আন্দ্রে আগাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেনিসের 'হল অফ ফেমে' জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রর সাবেক টেনিস তারকা আন্দ্রে আগাসি। ২০০৬ সালে আগাসি টেনিসকে বিদায় জানান। টেনিসের সাবেক এই এক নম্বর খেলোয়াড় আটটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। টেনিস ইতিহাসে ছেলেদের এককে যে সাতজন খেলোয়াড় চারটি গ্র্যান্ড স্লাম জয়ের দুর্লভ গৌরব অর্জন করেছেন আগাসি তাদের একজন। টেনিসকে ধন্যবাদ জানিয়ে আগাসি বলেন, "অনেক পরে আমি টেনিসের প্রতি ভালোবাসা অনুভব করেছি। কিন্তু এখন আমার জীবনে যা কিছু ভালো তার সবই আমি পেয়েছি টেনিস থেকে। এমন মুহূর্ত মানুষের জীবনে কমই আসে যখন তার বাবা-মা তাকে নিয়ে গর্ববোধ করে। আমি টেনিসকে ধন্যবাদ দিতে চাই কারণ টেনিসই আমাকে ওই রকম দুর্লভ কিছু মুহূর্ত উপহার দিয়েছে।" নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা হিসেবে ১৯৯২ সালে উম্বলডন জেতেন আগাসি। আর ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় নিজের শেষ গ্র্যান্ড স্লাম শিরোপা জেতেন তিনি। আগাসি চারবার অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন। দুবার জিতেছেন ইউএস ওপেন। এছাড়া ফ্রেঞ্চ ওপেন জেতেন একবার। এছাড়া ১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে সোনা জেতেন আগাসি। ২০০১ সালে টেনিসের আরেক কিংবদন্তী জার্মানির স্টেফি গ্রাফকে বিয়ে করেন আগাসি। স্টেফি গ্রাফের নামও রয়েছে হল অফ ফেমে। দুই সন্তানের জনক আগাসি বর্তমানে লাস ভেগাসে বসবাস করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৯৪৫ ঘ.