২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোর নিষিদ্ধ হওয়া ৫ ফুটবলার নির্দোষ

মাদক গ্রহণের অভিযোগ থেকে মুক্তি পেলেন মেক্সিকোর পাঁচ ফুটবলার। দেশটির ফুটবল ফেডারেশন শুক্রবার তাদের ওপর থেকে ওই অভিযোগ তুলে নেয়। সেই সঙ্গে তাদের নিষেধাজ্ঞাও বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 09:16 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদক গ্রহণের অভিযোগ থেকে মুক্তি পেলেন মেক্সিকোর পাঁচ ফুটবলার। দেশটির ফুটবল ফেডারেশন শুক্রবার তাদের ওপর থেকে ওই অভিযোগ তুলে নেয়। সেই সঙ্গে তাদের নিষেধাজ্ঞাও বাতিল করা হয়েছে। ফেডারেশন জানিয়েছে বিষয়টি তারা ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাকেও জানাবে। ওই খেলোয়াড়দের ডোপ টেস্টে 'পজিটিভ' হওয়ার জন্য 'দূষিত খাবার'কে দায়ী করেছে ফেডারেশন। মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কালদেরনও স্বীকার করেছেন, দূষণ তার দেশে একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। কনকাকাফ গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার আগে ২১ মে মেক্সিকোর খেলোয়াড়দের মাদক পরীক্ষা দিতে হয়। সেখানে ধরা পড়েন ওই পাঁচ খেলোয়াড়। যদিও প্রথম থেকেই তারা মাদক গ্রহণের বিষয়টি অস্বীকার করে আসছেন। মেক্সিকো ফুটবল ফেড়ারেশনের সেক্রেটারি জেনারেল দিসিও দি মারিয়াও খেলোয়াড়দের পক্ষেই সাফাই গেয়েছিলেন। তিনি বলেছিলেন, "নিষিদ্ধ মাদক দ্রব্য গরুর মাংসের সঙ্গে মেশানো ছিলো, যা খাবার হিসেবে খেলোয়াড়রা খেয়েছেন।" পরে মেক্সিকো ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের নিষিদ্ধ করে। ফলে কনকাকাফে তাদের ছাড়াই অংশ নেয় মেক্সিকো। যুক্তরাষ্ট্রকে হারিয়ে শিরোপাও জেতে তারা। যে পাঁচজন ফুটবলার নিষিদ্ধ হয়েছিলেন তারা হলেন, গোলরক্ষক গুইলারমো ওছোয়া, ফ্রান্সিসকো রড্রিগুয়েজ, অ্যান্তনিয়ো নেলসন, ক্রিশ্চিয়ান বারমুদেজ ও এডগার ডুয়েনাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১৪৫০ ঘ.