২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকির আলির আনন্দের দিনে বিষন্ন ওয়াসিম

কোটি টাকার সুপার কাপে ঝলমলে শুরু হলো বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। কোচ পাকির আলীর উচ্চস্বরে হাসিই বলে দিচ্ছিল সবকিছু। আর ব্রাদার্স ইউনিয়নের কোচ ওয়াসিম ইকবালের মুখে তখন রাজ্যের বিষন্নতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোটি টাকার সুপার কাপে ঝলমলে শুরু হলো বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। কোচ পাকির আলীর উচ্চস্বরে হাসিই বলে দিচ্ছিল সবকিছু। আর ব্রাদার্স ইউনিয়নের কোচ ওয়াসিম ইকবালের মুখে তখন রাজ্যের বিষন্নতা। শেখ জামালের কাছে ব্রাদার্সের ৬-১ গোলে হার একটু অস্বাভাবিকই মনে হতে পারে। কেননা বাংলাদেশ লিগে দল দু'টো দু'বার মুখোমুখি হয়। প্রথমবার ব্রাদার্স হারে ২-১ গোলে। আর পরের খেলায় ২-২ গোলে ড্র করে শেখ জামালকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে গোপীবাগের দলটি। এই কথা মনে করিয়ে দিয়ে পাকির আলী বলেন, এত সহজ জয় তিনি আশা করেননি। খেলোয়াড়রা নিজেদের উজার করে দিয়েছেন। "প্রত্যেকটা সুযোগ তারা কাজে লাগিয়েছেন। তাদের কাছ থেকে এমন খেলাই আশা করি," বলেন পাকির আলি। 'রিজার্ভ বেঞ্চ'র খেলোয়াড়দেরও ভূয়সী প্রশংসা করেন দলের শ্রীলঙ্কার কোচ। দুই বদলি খেলোয়াড় আতিকুর রহমান মিশু ও জাহিদ হাসান এমিলির গোলের প্রসঙ্গ টেনে এনে বলেন, "আমাদের 'রিজার্ভ বেঞ্চ' কতটা শক্তিশালী দেখেছেন তো! এমন খেললে শিরোপা জেতা একেবারে সহজ হয়ে যাবে।" এবার ফরম্যাট অনুযায়ী, চার ম্যাচ জিতলেই অরাধ্য কোটি টাকা ধরা দেবে দু'হাতে। কিন্তু প্রথম ম্যাচেই বিধ্বস্ত ব্রাদার্স কি পরের ম্যাচে মাথা তুলে দাঁড়াতে পারবে? প্রতিপক্ষ দলের নাম আবাহনী লিমিটেড। হারলেই সুপার কাপ থেকে বিদায়। ব্রাদার্স কোচ ওয়াসিম আবাহনী ম্যাচ পর্যন্ত যেতে চাইলেন না। হতাশ কন্ঠে খেলোয়াদের ক্লান্তি ও অপর্যাপ্ত অনুশীলনকে দায়ী করলেন। "পুরো দলটাই ভেঙে পড়লো। আমার মনে হয়, খেলোয়াড়রা বাংলাদেশ লিগে খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়েছেন। মাত্র দু'দিন অনুশীলন করে সুপার কাপের জন্য খেলতে এসেছি। এর মধ্যে গতকাল আবার বৃষ্টির কারণে ঠিকভাবে অনুশীলনও করতে পারিনি।" এসব কথা শেখ জামালের ক্ষেত্রেও খাটে। খেলার ক্লান্তি আর বৃষ্টি কারণে অসুবিধার মুখে পড়েছে তারাও। এতো বড় ম্যাচ হারাতে ওয়াসিমের সে অজুহাত ধোপে টিকলো না। শেষ অবধী আসল কথা বলেই ফেললেন, "আমি দলে আরো কিছু ভালো খেলোয়াড় চেয়েছিলাম। কর্তৃপক্ষ চাইলেই সুপার কাপে সুযোগ না পাওয়া দলগুলো থেকে খেলোয়াড় টানতে পারতো। কিন্তু তাদের কাছে মনে হয়েছে এ দল নিয়েই 'লড়াই' করা সম্ভব। আমি আর একটা কথা বলবো-দলের খেলায় 'হতাশাবোধ' করছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২৩১৪ ঘ.