২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সকে শেষ করে দিল শেখ জামাল

কোটি টাকার ফুটবল প্রতিযোগিতা গ্র্রামীণফোন সুপার কাপে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোটি টাকার ফুটবল প্রতিযোগিতা গ্র্রামীণফোন সুপার কাপে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৬-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার উদ্বোধনী খেলায় বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের কাছে অসহায় আত্মসমর্পণ করে ব্রাদার্স। শেষ দশ মিনিটে দলটিকে নিয়ে ছেলেখেলায় মেতে ওঠেন শেখ জামালের খেলোয়াড়রা। অবশ্য প্রথমার্ধে কিছুটা হলেও সমান তালে লড়ে যায় ব্রাদার্স। খেলার ২৯ মিনিটে শেখ জামালের আক্রমণভাগের ক্যামেরুনের খেলোয়াড় ইমানুয়েল আইয়ুকের গোলে এগিয়ে যায় দলটি। মাঝমাঠের খেলোয়াড় মামুনুল ইসলামের বাড়িয়ে দেয়া বল ধরে আইয়ুক প্রতিপক্ষের রক্ষণভাগের এক খেলোয়াড়কে কাটিয়ে আড়াআড়ি শটে বল পাঠিয়ে দেন জালে। দ্বিতীয়ার্ধে শেখ জামাল খেলতে থাকে অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল। ৫১ মিনিটে লোগাবোগার গোলে ব্যবধান বাড়ায় দলটি। শাকিল আহমেদের এগিয়ে দেয়া বল জালে জড়িয়ে দেন আগুয়ান লোগাবোগা। এ গোলটি হজম করে খেঁই হারিয়ে ফেলে ব্রাদার্স। একের পর এক আক্রমণের মুখে দিশেহারা হয়ে পড়েন রক্ষণভাগের খেলোয়াড়রা। ফলে ১৪ মিনিট পর আরেকটি গোল আদায় করে নেয় শেখ জামাল। গোল দেন রক্ষণভাগের খেলোয়াড় আতিকুর রহমান মিশু। ফেমি অনুরামির বাড়ানো বল ধরে মিশু ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। এরপর প্রচণ্ড শট নেন। ব্রাদার্সের গোলরক্ষক আতিকুল ইসলাম তারেকের কিছু বুঝে ওঠার আগেই বল আশ্রয় নেয় জালে। ৭৬ মিনিটে অবশ্য ব্রাদার্স ইউনিয়ন একটি গোল শোধ করে। পেনাল্টি থেকে মাঝমাঠের খেলোয়াড় এভারটন গোলটি করেন। ব্রাদার্সের মাঝমাঠের খেলোয়াড় ড্যানিলোকে শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড় আরিফুল ইসলামকে ফেলে দিলে রেফারি আব্দুল হান্নান মিরন পেনাল্টির নির্দেশ দেন। খেলার শেষ দশ মিনিটে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়ে শেখ জামাল। ৮৩ থেকে ৯০, এই ৭ মিনিটে আদায় করে নেয় তিনটি গোল। ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমে জাহিদ হাসান এমিলি দলের পক্ষে চতুর্থ গোল করেন। ডান প্রান্ত থেকে মিশুর বাড়ানো বলে শট নেন ফেমি। ব্রাদার্সের গোলরক্ষক তা ফিরিয়ে দেন। আলতো টোঁকায় ফিরতি বল কাক্সিক্ষত ঠিকানায় পাঠিয়ে দেন এমিলি। শেখ জামালের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় ফেমি অরুনামি ৮৭ মিনিটে দলের পক্ষে পঞ্চম গোল করেন। ব্রাদার্সের রক্ষণভাগের খেলোয়াড়রা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি। ব্রাদার্সের কফিনে শেষ পেরেকটি ঠোকেন লোগাবোগা। খেলার শেষ মিনিটে তিনি ব্যাক্তিগত দ্বিতীয় ও দলের পক্ষে ষষ্ঠ গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২২৪৭ঘ.