ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পরপর দু'খেলায় ব্যর্থ আর্জেন্টিনা। কোচ সার্জিও বাতিস্তার দল দুই খেলায় দেশকে মাত্র একটি গোল উপহার দিয়েছে। তারপরও গ্র"পের শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে দলে পরিবর্তন আনতে রাজি নন তিনি।
আর্জেন্টিনা ও কলম্বিয়ার খেলা সম্পর্কে কার্লোস তেভেজ বলেন, "শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি আমরা। ওরা (কলম্বিয়া) জানে কিভাবে নজরে রাখতে হয়।"
যে দলে তেভেজ, মেসি ও জানেত্তিরা খেলেন, তাদের কাছে কলম্বিয়াকে কি শক্তিশালী বলে মনে হয়? হতে পারে, কারণ মাঝ-মাঠ আর রক্ষণভাগে ফাটল আছে আর্জেন্টিনার। মেসি, তেভেজদের তো বল যোগান দিতে হবে। এজেকুয়েল ল্যাভেজ্জির মধ্যে যে কি পেয়েছেন কোচ বাতিস্তা! দুর্দান্ত ফর্মে থাকা অ্যাগুয়েরোকে বসিয়ে তার ওপরই ভরসা রাখছেন তিনি।
এদিকে নামের ভারে এখন হেলে পড়েছেন ক্যাম্বিয়াসো। তারপরও ফার্নান্দো গ্যাগোকে তার জায়গায় উপযুক্ত মনে করেন না কোচ। আর রক্ষণভাগের অবস্থা তো বলার অপেক্ষা রাখে না।
স্বাভাবিকভাবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মূল একাদশ নিয়ে প্রশ্ন ধেঁয়ে আসলো বাতিস্তার দিকে।
বাতিস্তার সেই গত বাঁধা উত্তর, "দলে বড় কোনো পরিবর্তন আনতে রাজি নই আমি। গ্র"প পর্যায়ে খেলা বাকি আছে কেবল কোস্টারিকার বিপক্ষে। জিতলে পাঁচ পয়েন্ট নিয়ে শেষ আটে চলে যাবো।"
অন্য কথায়, কোপায় প্রথম দুই খেলায় ড্র করা দলটাই নামবে কোস্টারিকার বিপক্ষে। ওই ম্যাচেই নির্ধারিত হয়ে যেতে পারে বাতিস্তার আর্জেন্টিনা-ভাগ্য।
২০১০ সালের বিশ্বকাপ ব্যর্থতার পর দিয়েগো মারাদোনাকে বরখাস্ত করে কোচের দায়িত্ব সার্জিও বাতিস্তার হাতে তুলে দেয় আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০৯ ঘ.
bdnews24