২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালুর মাঠে টার্ফ বসানো নিয়ে চুক্তি

দীর্ঘদিনের অনড় অবস্থান থেকে সরে এসেছে আরামবাগ বালুর মাঠ উন্নয়ন কমিটি। বালুর মাঠে সিনথেটিক টার্ফ বসানোর ব্যাপারে শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দীর্ঘদিনের অনড় অবস্থান থেকে সরে এসেছে আরামবাগ বালুর মাঠ উন্নয়ন কমিটি। বালুর মাঠে সিনথেটিক টার্ফ বসানোর ব্যাপারে শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি করেছে তারা। বাফুফে ভবনে মঙ্গলবার ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও বালুর মাঠ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আবুল কাশেম এই চুক্তিতে সই করেন। ফিফার একটি কর্মসূচির আওতায় বাফুফে বহুদিন আগে বালুর মাঠে সিনথেটিক টার্ফ বসানোর উদ্যোগ নেয়। কিন্তু এলাকাবাসীর বাধার মুখে টার্ফ বসানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ফিফা অচিরেই টার্ফ বসানোর জন্য বাফুফেকে সতর্ক করে দেয়। এরপরই বাফুফে টার্ফ বসানোর জন্য জোর উদ্যোগ নেয়। চুক্তি সইয়ের পর সালাউদ্দিন বলেন, "ফুটবলের উন্নয়নের স্বার্থে আমরা টার্ফ বসাতে চেয়েছি। অন্য কোনো চিন্তা আমাদের মাথায় ছিল না। এই মাঠে টার্ফ বসানো হলে আরামবাগ এলাকার লোকজনেরই লাভ হবে। কেননা তারাই তা মূলত ব্যবহার করবেন। টার্ফের পাশে হাঁটা-চলারও ব্যবস্থা থাকবে।" মাঠের মালিকানা রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের হাতে। তারা বাফুফেকে দশবছরের জন্য মাঠটি 'লিজ' দিয়েছে। বালুর মাঠ উন্নয়ন কমিটির চেয়ারম্যান বলেন, "আমরাও ফুটবলের উন্নয়নের স্বার্থে মাঠে টার্ফ বসানোর বিষয়টি মেনে নিয়েছি।" এদিকে মাঠটির ব্যবহার নিয়ে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন ১০ জন এলাকাবাসী ও বাফুফের ৯ সদস্য। চুক্তি অনুযায়ী, দশ বছর পর টার্ফ তুলে ফেলতে হবে। এরপর আর কোনো টার্ফ বসানো যাবে না। বাফুফেও তা মেনে নেয়। বাফুফে সভাপতি একে একপেশে চুক্তি হিসেবে অভিহিত করে বলেন, "ফুটবলের স্বার্থেই আমরা এটি মেনে নিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১৪৫ ঘ.