ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকায় সোমবার পিছিয়ে পড়েও চিলি ২-১ গোলে জিতেছে মেক্সিকোর বিপক্ষে। আর উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়েছে পেরু।
প্রথমার্ধে নেস্তোর আরাউজো গোলে এগিয়ে ছিল মাত্রই কনকাফাফ শিরোপা জিতে আসা মেক্সিকো। দ্বিতীয়ার্ধে এস্তেবান পারেদেস ও আরতুরো ভিদালের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠে ছাড়ে চিলি।
আর প্রতিযোগিতার অন্যতম 'ফেভারিট' উরুগুয়ের শুরুটাও হয়েছে শিরোপার দাবিদার ব্রাজিল ও আর্জেন্টিনার মতো। পেরুর সঙ্গে ড্র করেছে তারা। ২৪ মিনিটে পিছিয়ে পড়ে 'তারকা' খেলোয়াড় লুইস সুয়ারেজের গোলে শেষ পর্যন্ত ১-১ এ সমতা ফেরায় ১৪ বারের কোপা চ্যাম্পিয়নরা।
'সি' গ্র"পে নিজেদের প্রথম খেলায় মাঠে নেমেই চিলি চেপে ধরে মেক্সিকোকে। প্রথম ৮ মিনিটে তিনটি কর্নার পায় তারা। গোলের প্রথম সুযোগ পান চিলির অ্যালেক্সিস সানচেজ। কিন্তু তার দূরপাল্লার শট গোলপোস্টের ডান দিক ঘেঁষে চলে যায়।
তবে খেলার ধারার বিপরীতে প্রথমার্ধের বিরতির চার মিনিট আগে গোল করে মেক্সিকোকে এগিয়ে নেন নেস্তোর আরাউজো। দস সান্তোস লম্বা করে বল ভাসিয়ে দেন চিলির বক্সে। মাথা দিয়ে সেই বল জালে পাঠিয়ে দেন ১৯ বছর বয়সী খেলোয়াড় আরাউজো।
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেক্সিকো।
দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল প্রথমার্ধের মতো। বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও চিলি গোল করতে পারছিল না কিছুতেই। ৫২ মিনিটে তৃতীয়বারের মতো গোলের সুযোগ নষ্ট করেন সানচেজ।
আক্রমণভাগের ধার বাড়াতে ৬১ মিনিটে এস্তাবান পারেদেসকে মাঠে নামান চিলির কোচ ক্লদিও বোর্র্গি। ফল পেতেও দেরি হয়নি। দলকে সমতায় ফেরাতে মাত্র ছয় মিনিট সময় নেন পারেদেস।
চিলির পক্ষে জয়সূচক গোলটি করেন ভিদাল, খেলার ৭২ মিনিটে।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চিলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/টিএ/১৮৩০ ঘ.
bdnews24