ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। খেলতে আগ্রহী অনেকগুলো দল আবেদনপত্র নিয়েছে। এর মধ্যে ১১টি আবেদনপত্র জমা দিয়েছে।
বাফুফের পেশাদার লিগ কমিটি সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।
যেসব দল আবেদনপত্র জমা দিয়েছে সেই দলগুলো হলো ওয়ারী ক্লাব, বাংলাদেশ বয়েজ ক্লাব, সিটি ক্লাব, উত্তর বারীধারা, ঢাকা ওয়ান্ডারার্স, নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদ, মহাখালী একাদশ, সিলেট ফুটবল ক্লাব, কক্সসিটি ফুটবল ক্লাব, বাড্ডা জাগরনী ক্লাব, আগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব।
শুকতারা বাংলাদেশ লিগের মূল স্তরে খেলেছে। দলটি ২০১০ সালে লিগ থেকে নেমে যায়। দলটির সঙ্গে অবনমন হওয়া সিলেট বিয়ানীবাজারও দ্বিতীয় স্তরে খেলার জন্য আবেদনপত্র নিয়েছে।
তবে কয়টি ক্লাব দ্বিতীয় স্তরে খেলার সুযোগ পাবে তা এখনো ঠিক করা হয়নি। নির্ধারণ করা হয়নি প্রতিযোগিতার দিনক্ষণও।
এদিকে এ বছর অবনমন হওয়া দু'টি দল চট্টগ্রাম মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় স্তরে খেলবে কি না, তা এখনো নিশ্চিত করেনি। যদিও প্রতিযোতিার বিধি-বিধানে বলা হচ্ছে, মূলস্তর থেকে অবনমন হওয়া দল এমনিতেই দ্বিতীয় স্তরে খেলতে পারবে।
বাফুফে দ্বিতীয় স্তর আয়োজনের পরিকল্পনা করছে বহুদিন ধরে। বাংলাদেশ লিগের চারটি আসর শেষ হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তা পরিকল্পনার মধ্যেই রয়ে গেছে।
দ্বিতীয় স্তর না খেলেই কোনো কোনো দল সরাসরি বাংলাদেশ লিগে খেলেছে। এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কথা উল্লেখ করা যায়। দ্বিতীয় বিভাগের দল হওয়ার পরও তারা এ মৌসুমে সরাসরি বাংলাদেশ লিগে খেলেছে।
প্রথমবার খেলতে নেমেই শেখ জামাল বাংলাদেশ লিগের শিরোপা জিতে নিয়েছে। দলটির বিরুদ্ধে অবশ্য ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তদন্তও চলছে। কয়েকদিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে বলে বাফুফে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৫৮ ঘ.
bdnews24