ঢাকা, জুলাই ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কোপা আমেরিকার ৪৩তম আসরে ভেনিজুয়েলার বিপক্ষে গোল করতে না পারার জন্য দক্ষতার অভাবকে দায়ী করছেন নেইমার ও আলেকজান্ডার পাতো। ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।
পাঁচবারের বিশ্ব ও আটবারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল ভেনেজুয়েলার বিপক্ষে গোলের মাত্র দু'টো পরিষ্কার সুযোগ সৃষ্টি করতে পেরেছিল। এর একটিকেও কাজে লাগাতে পারেনি খেলোয়াড়রা।
প্রথমার্ধে দানি আলভেস ভেনেজুয়েলার বক্সে বল ঠেলে দেন পাতোর কাছে। ব্রাজিলের আক্রমণভাগের এই খেলোয়াড় তখন একেবারে অরক্ষিত। তীব্র শটও নেন গোলপোস্ট লক্ষ্য করে। কিন্তু বলটি ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচ শেষে পাতো বলেছেন, এখন সব ভুলে সামনের খেলা নিয়ে ভাবা উচিত।
তিনি বলেন, "চেষ্টা করেছিলাম। কিন্তু বল বারে লেগে ফিরে আসে। যা করতে চেয়েছিলাম তা করতে পারিনি। এখন ম্যাচটার কথা ভুলে যাওয়াই ভালো।"
তবে নেইমার সতীর্থর সঙ্গে একমত নন। দল ভালো খেলেছে বলে বিশ্বাস তার। শুধু গোল দেয়ার দক্ষতার অভাবে ড্র হয়েছে।
তিনি বলেন, "আমরা ভালো খেলেছি। তবে 'ফিনিশিং' নিয়ে আরো কাজ করতে হবে। সব সময় জেতার জন্যেই খেলি। আজও লক্ষ্য ছিল সেটাই। গোল পাইনি, পার্থক্য কেবল এটাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯১৬ ঘ.
bdnews24