ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।
মার্তার জোড়া গোলে রোববার তারা ৩-০ গোলে হারায় নরওয়েকে। ব্রাজিলের পক্ষে বাকি গোলটি করেন রোসানা।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র বা সুইডেন।
'ডি' গ্র"পের দিনের অন্য খেলায় অস্ট্রেলিয়া ৩-২ গোলে জিতেছে ইকোয়েটরিয়াল গিনির বিপক্ষে। টানা দ্বিতীয় পরাজয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ইকোয়েটরিয়াল গিনির। নিজেদের প্রথম খেলায় তারা নরওয়ের কাছে ১-০ গোলে হেরে যায়।
তবে অস্ট্রেলিয়া ও নরওয়ে দুদলের সামনেই শেষ আটের দরজা খোলা আছে। বুধবার গ্র"প পর্বে নিজেদের শেষ খেলায় মুখোমুখি হবে দল দুটি। ওই খেলা দিয়েই নির্ধারিত হবে কে সঙ্গী হচ্ছে ব্রাজিলের।
ব্রাজিলের সঙ্গে পাল্লা দিয়েই খেলা শুরু করেছিলো নরওয়ে। খেলার ২২ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে নেন মার্তা। যদিও গোলটি নিয়ে বিতর্ক হয়। কারণ বল নিয়ে মার্তা যখন গোলপোস্টের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন তার গায়ে ধাক্কা লেগে পড়ে যান নোরা হোল্সটেড। নরওয়ের খেলোয়াড়রা 'ফাউল'র আবেদন করলেও তা আমলে নেননি রেফারি।
৪৬ মিনিটের মাথায় ব্রাজিলের রোসানা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। নরওয়ের রক্ষণভাগের চার খেলোয়াড়কে কাটিয়ে রোসানাকে বল দেন মার্তা। পায়ের আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন রোসানা।
দুই মিনিট পর তৃতীয় গোলের দেখা পায় ব্রাজিল। যদিও গোলটি ছিলো নরওয়ের রক্ষণভাগের ভুলের ফল। জেলডের ভুল পাসে বল পেয়ে যান ব্রাজিলের ক্রিশ্চিয়ান। তিনি বল দেন মার্তাকে। গোল করতে কোনো ভুল করেননি ফিফার পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় মার্তা। ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। তবে ৬৯ মিনিটে হ্যাট্রিকের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন মার্তা। নরওয়ের গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যের কারণে সেটা হয়নি।
গ্র"প পর্বে নিজেদের শেষ খেলায় ইকোয়েটরিয়াল গিনির মুখোমুখি হবে ব্রাজিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১১১৫ ঘ.
bdnews24