২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র দিয়ে শুরু ব্রাজিলেরও

আর্জেন্টিনার মতো কোপা আমেরিকা কাপে ড্র দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ান ব্রাজিলও। ভেনেজুয়েলার সঙ্গে তাদের এ খেলা ছিলো গোলশূন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2011, 04:01 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্জেন্টিনার মতো কোপা আমেরিকা কাপে ড্র দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ান ব্রাজিলও। ভেনেজুয়েলার সঙ্গে তাদের এ খেলা ছিলো গোলশূন্য। রোববার প্যারাগুয়ে ও ইকুয়েডরের খেলাটিও অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গোল করতে পারেনি কোনো দলই। 'বি' গ্র"পের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ভেনেজুয়েলা। 'সাউথ আমেরিকান কনফেডারেশন'র সবচেয়ে দুর্বল দল ভেনেজুয়েলা এদিন দারুণ দক্ষতায় রুখে দেয় ব্রাজিলের সব আক্রমণ। ব্রাজিলকে আটকে রাখতে সবচেয়ে বড় অবদান ছিলো ভেনেজুয়েলার গোলরক্ষক রেনি ভেগার। অথচ শুরুটা ভালোই করেছিলো ব্রাজিল। খেলার প্রথম মিনিটেই গোল পেয়ে যাচ্ছিল তারা। বক্সের সামান্য বাইরে থেকে নেয়া রবিনহোর শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন ভেগা। প্রথমার্ধে আলেক্সান্দ্রে পাতোও গোলের ভালো একটা সুযোগ পেয়েছিলেন। নেইমারের কাছ থেকে পাওয়া বল ধরে দৌড়ে তিনি ভেগাকেও পরাজিত করেছিলেন। কিন্তু অফসাইডের বাঁশি বেজে ওঠায় ব্রাজিলের ওই আক্রমণও ব্যর্থ হয়। তবে প্রথমার্ধে গোলের সব থেকে ভালো সুযোগটা পেয়েছিলেন নেইমার নিজে। বক্সের ভেতর একেবারে অরক্ষিত অবস্থায় বল পেয়ে যান তিনি। কিন্তু তার শট গোলপোস্টের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে আর খুঁজেই পাওয়া যায়নি। খেলা শেষে ব্রাজিল কোচ মানো মেনেজেস বলেন, "এটা খুব খারাপ ফল। এটা কোনো খেলাই হয়নি। আমাদের আক্রমণে অনেক দুর্বলতা ছিলো। বিশেষ করে দ্বিতীয়ার্ধে।" কোপা আমেরিকার গত দুটি আসরে ফাইনাল খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। অথচ এবারের আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে উভয় দলই হোঁচট খেলো। উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করে বলিভিয়ার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/০৯৪০ ঘ.